বিনোদন ডেস্ক : অভিনেত্রী মৌসুমী হামিদের জীবনে শুরু হয়েছে নতুন অধ্যায়। বিবাহ বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই একসঙ্গে বিয়ে এবং প্রথম সন্তান আগমনের সুখবর দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন অভিনেত্রী।
রাজধানীতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মৌসুমী জানান, বিষয়টি এতদিন ইচ্ছাকৃতভাবেই গোপন রেখেছিলেন তিনি। বিয়ে ও মাতৃত্বের খবর একসঙ্গে জানিয়ে সবাইকে চমকে দিতে চেয়েছিলেন। জীবনের নতুন এই পথচলায় ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন অভিনেত্রী।
মৌসুমী জানান, তার বর্তমান স্বামী আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে পরিচয় ও বন্ধুত্বের বয়স প্রায় ১৪ বছর। দীর্ঘদিনের সেই বন্ধুত্বই ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। পরে দুজন মিলে বিয়ের সিদ্ধান্ত নেন এবং নতুন জীবন শুরু করেন।
এর আগে, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিয়ে হয়েছিল মৌসুমীর। তবে স্বামীর পরকীয়ার অভিযোগের কারণে সেই সংসার টেকেনি। চলতি বছরের শুরুতেই সম্পন্ন হয় তাদের বিচ্ছেদ। এরপরই ব্যক্তিগত জীবনে নতুন করে সুখের বার্তা নিয়ে সামনে এলেন এই অভিনেত্রী।
বিনোদন জগতে মৌসুমী হামিদের যাত্রা শুরু হয়েছিল লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। এরপর ছোটপর্দায় একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেন। পাশাপাশি চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।