বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:৩৯:৩৫

আর্জেন্টিনা ফাইনালে উঠতেই ‘বাকযুদ্ধ’ ওমর সানী ও জয়ের

আর্জেন্টিনা ফাইনালে উঠতেই ‘বাকযুদ্ধ’ ওমর সানী ও জয়ের

স্পোর্টস ডেস্ক : ফুটবল মানেই কোটি কোটি মানুষের আবেগ ও উচ্ছ্বাস। প্রিয় দলের জয়ে যেমন সবাই উদ্বেলিত হন, তেমনি মুষড়ে পড়েন পরাজয়ে। বাংলাদেশের বিনোদন অঙ্গনেও তেমনি প্রিয় দলের জয়ে বয়ে যায় তারকাদের উচ্ছ্বাস। প্রাণবন্ত কথোপকথন আর খুনসুটিতে ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।

গত রাতে (১৫ জুলাই) ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ আক্রমণাত্মক ফুটবলে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। প্রিয় দলের জয়ে সেলিব্রিটিরাও মেতেছেন উচ্ছ্বাসে।

বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে উঠতেই নেটদুনিয়ায় জমজমাট চিত্রনায়ক ওমর সানী ও শাহরিয়ার নাজিম জয়ের পুরোনো ‘বাকযুদ্ধ’। ওমর সানীর সাম্প্রতিক পোস্টের জবাব এবার সামাজিকমাধ্যমে তাকে উল্টো খোঁচা দিলেন শাহরিয়ার জয়। আর্জেন্টিনার গোলগুলোকে চিত্রনায়িকা মৌসুমীর সিনেমার ডায়ালগের সঙ্গে তুলনা করে জয় খোঁচা মারেন, ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না, একদম অরিজিনাল!’

দুই তারকার এই সামাজিকমাধ্যমের খুনসুটি ভক্তদের কাছে বাড়তি বিনোদনের খোরাক হয়ে উঠেছে।

ম্যাচ শেষে ওমর সানী ও শাহরিয়ার নাজিম জয়ের জমজমাট এই ‘বাগযুদ্ধ’ ভক্তরাও উপভোগ করছেন। ম্যাচ শেষেই সানীকে ট্যাগ করে ফেসবুকে এক রসাত্মক পোস্ট দেন জয়। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়। নেটিজেনদের হাসির রোল আর মন্তব্যের জোয়ারে ভাসছে কমেন্ট বক্স।

এর আগে গত মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ফেসবুক হ্যান্ডেলে চিত্রনায়ক ওমর সানী রসিকতা করে জয়কে উদ্দেশ করে পোস্ট দেন। সেখানে তিনি রুপালি পর্দায় মৌসুমী চাবুক মারার জন্য তুলার তৈরি নকল চাবুক ব্যবহার করলেও, জয়কে শায়েস্তা করতে তিনি সত্যিকারের চাবুকই ব্যবহার করবেন বলে জানান। মূলত আগে ব্রাজিল সমর্থক ওমর সানী মেসিকে নিয়ে মন্তব্য করলে জয় কৌতুক করেন। বিশ্বকাপের শুরু থেকেই সামাজিকমাধ্যমে প্রিয় দলের সাফল্য-ব্যর্থতায় উচ্ছ্বাস প্রকাশ ও ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছেন ঢাকাই শোবিজ তারকারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে