শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ০৩:০৬:১৯

বক্স অফিসে দাপট দেখাচ্ছে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের ‘জন নায়গন’

বক্স অফিসে দাপট দেখাচ্ছে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের ‘জন নায়গন’

বিনোদন ডেস্ক : তামিল সুপারস্টার ও তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বিদায়ী সিনেমা হিসেবে আলোচনায় থাকা ‘জন নায়গন’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পাওয়া ছবিটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকলেও, এর চেয়েও বেশি আলোচনা হচ্ছে সিনেমার তারকাদের পারিশ্রমিক নিয়ে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘জন নায়গন’-এ অভিনয়ের জন্য বিজয় প্রায় ৩০০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। যদি এই তথ্য সত্যি হয়, তবে এটি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে কোনো অভিনেতার সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই অর্থ কেবল অভিনয়ের পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছে; ছবির লাভের অংশীদার হওয়ার কোনো চুক্তি তার সঙ্গে ছিল না। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নির্মাতা প্রতিষ্ঠান কিংবা বিজয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।

রাজনৈতিক অ্যাকশন থ্রিলার ঘরানার ‘জন নায়গন’ পরিচালনা করেছেন এইচ. বিনোথ। ছবিটি পরিচালনার জন্য তিনি প্রায় ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ।

ছবির সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। ‘জওয়ান’, ‘লিও’ ও ‘জেলার’-এর পর ‘জন নায়গন’-এর জন্য তিনি প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ছবির নায়িকা পূজা হেগড়ে। ‘জন নায়গন’-এ অভিনয়ের জন্য তিনি প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও সমানভাবে পরিচিত এই অভিনেত্রী।

এদিকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ববি দেওল। তার পারিশ্রমিক প্রায় ১২ কোটি রুপি বলে জানা গেছে।

অন্যদিকে প্রকাশ রাজ পেয়েছেন প্রায় ৭ কোটি , প্রিয়ামণি ৫ কোটি এবং গৌতম বাসুদেব মেনন প্রায় ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‘জন নায়গন’কে বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, অভিনয় ছেড়ে তিনি এখন পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রায় ৫০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রযোজনাগুলোর একটি বলেও জানা গেছে।

মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে বড় রেকর্ড গড়েছে ‘জন নায়গন’। বিভিন্ন বক্স অফিস ট্র্যাকার সূত্রের তথ্য অনুযায়ী, দেশে প্রি-সেলস (ব্লক করা আসনসহ) থেকেই সিনেমাটি প্রায় ৩০ কোটি রুপি আয় করেছে। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় আনুমানিক ১০৭ থেকে ১১২ কোটি রুপির মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে ভারতের বক্স অফিস থেকে প্রায় ৭০ কোটি সংগ্রহ করেছে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে