বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ০৪:৩৬:৫৭

অভিনেত্রী মেঘলা মুক্তা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত, নেওয়া হয়েছে আইসিইউতে

অভিনেত্রী মেঘলা মুক্তা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত, নেওয়া হয়েছে আইসিইউতে

বিনোদন ডেস্ক : অভিনেত্রী মেঘলা মুক্তা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার অস্ত্রোপচার চলছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) অভিনেত্রীর অফিসিয়াল অ্যাডমিনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে দেশ-বিদেশে থাকা ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা কামনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মেঘলা মুক্তা বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজব বা যাচাই-বাছাই ছাড়া তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, তার শারীরিক অবস্থার বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা অফিসিয়ালভাবেই জানিয়ে দেওয়া হবে।

তবে দুর্ঘটনাটি কোথায়, কখন এবং কীভাবে ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। একইভাবে হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকেও তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য জানানো হয়নি।

ক্যারিয়ারের শুরুতে ভারতের তেলেগু ভাষার চলচ্চিত্র ‘সাকালা কালা ভাল্লাভুডু’-এর মাধ্যমে আলোচনায় আসেন মেঘলা মুক্তা। এরপর বাংলাদেশে চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন প্রযোজনায় অভিনয় করে তিনি দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন। বর্তমানে তার দুর্ঘটনার খবরে শোবিজ অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভক্ত-অনুরাগীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে