শনিবার, ০১ আগস্ট, ২০২৬, ০৩:২২:০৫

আবারও প্রমাণ হলো এই বন্ধুত্ব শেষ হবার নয়!

আবারও প্রমাণ হলো এই বন্ধুত্ব শেষ হবার নয়!

বিনোদন ডেস্ক : বলিউডের ‘আদর্শ’ বন্ধুত্বের উদাহরণ টানলে সঞ্জয় দত্ত ও সালমান খানের কথা আসবে প্রথম দিকেই। কয়েক দশক ধরে তাদের বন্ধুত্ব। একজনের বিপদে আরেকজন সবসময় পাশে থেকেছেন। জীবনের ষাট পেরিয়ে এখনো তারা আগের মতোই আমুদে, ফুরফুরে।

শুক্রবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন সালমান। তাতে সঞ্জয়-সালমান একে-অপরকে জড়িয়ে রয়েছেন। সাঞ্জুর পরনে কালো শার্ট, আর সালমানের গায়ে কালো টি-শার্ট। বলিউডের দুই প্রতাপশালী তারকার এমন আবেগঘন মুহূর্ত দেখে মুগ্ধ নেটিজেনরাও।

পোস্ট করার ১০ ঘণ্টার মাথায় ইনস্টাগ্রামে সালমানের ওই পোস্টে রিঅ্যাকশন ছাড়িয়েছে ২৪ লাখ, আর ফেসবুক পেজে প্রায় ১ লাখ ৮০ হাজার। মন্তব্যের সংখ্যাও হাজার হাজার।

পোস্টের সঙ্গে সালমান যুক্ত করেছেন তাদের দুজনের গাওয়া গান ‘চল মেরে ভাই’। এটি ২০০০ সালে মুক্তি পাওয়া একই নামের সিনেমার গান, যেটাতে একসঙ্গে অভিনয়ও করেছেন তারা। আর ক্যাপশনে লিখেছেন, ‘বাবা (বলিউডের প্রায় সকলেই সঞ্জয়কে বাবা বলে সম্বোধন করেন) ফরএভার। সঞ্জু বাবা হলো আমাদের সবার বাবা, আর এখন সে আমাদের বাচ্চাদেরও বাবা। আমার বড় ভাই সঞ্জয় দত্ত। আল্লাহ, ভগবান, যিশু, সবাই যেন এই মানুষটাকে সুখে রাখেন। ভালোবাসি তোমাকে বাবা।’ 

সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তও পোস্টটিতে ভালোবাসা জানিয়েছেন। মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘ব্রাদার্স ফর লাইফ’।

২৯ জুলাই ছিল সঞ্জয় দত্তের ৬৭তম জন্মদিন। ধারণা করা হচ্ছে, ছবিগুলো সেদিনই তুলেছিলেন তারা। আর এ পোস্টের মাধ্যমে যেন বিলম্বিত শুভেচ্ছাই জানালেন ‘ভাইজান’।

উল্লেখ্য, সালমান ও সঞ্জয় দত্তকে পূর্ণাঙ্গভাবে দেখা গেছে ‘সাজন’ ও ‘চল মেরে ভাই’ ছবিগুলোতে। এর বাইরেও অনেক ছবিতে অভিনয় করেছেন তারা। সর্বশেষ সৌদি আরবের অ্যাকশন সিনেমা ‘৭ ডগস’-এ বিশেষ চরিত্রে হাজির হয়েছেন দুজনে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে