বিনোদন ডেস্ক : গত বছর মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’-এ অভিনয়ের জন্য নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে বুবলী বলেন, "নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে সত্যি আমি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ বোধ করছি। এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এই যাত্রার অংশ হওয়া প্রতিটি মানুষের।"
‘দেয়ালের দেশ’ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী আরও বলেন, 'সিনেমার পরিচালক মিশুক মনি, প্রযোজক, লেখক, সহশিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ ও পোশাক বিভাগসহ পর্দার পেছনের সব কলাকুশলীদের আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের অদম্য পরিশ্রম, উৎসর্গ ও বিশ্বাসের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।'
পুরস্কারপ্রাপ্তির আনন্দ সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাগ করে নিয়েছেন বুবলী। নিজের পোস্টে তিনি এই স্বীকৃতিকে পুরো ‘দেয়ালের দেশ’ টিমের অর্জন হিসেবে উল্লেখ করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত বছর মুক্তিপ্রাপ্ত ‘দেয়ালের দেশ’ সিনেমায় বুবলীর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। সেই অভিনয়ের স্বীকৃতি হিসেবেই এবার নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করলেন তিনি।