সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:১৮:০৯

এই কথাগুলো বুঝতে আমার ৩৩ বছর লেগে গেছে : জোভান

এই কথাগুলো বুঝতে আমার ৩৩ বছর লেগে গেছে : জোভান

বিনোদন ডেস্ক : ঢাকাই শোবিজের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। অভিনয় দিয়ে দর্শকের কাছে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। নাটকের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই অভিনেতা। ব্যক্তিজীবনের নানা উপলব্ধি, ভাবনা ও অভিজ্ঞতার কথা প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন জোভান।

সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে জীবনের কিছু উপলব্ধির কথা তুলে ধরেছেন এই অভিনেতা। পোস্টের শুরুতেই জোভান লিখেছেন, ‘এই কথাগুলো বুঝতে আমার ৩৩ বছর লেগে গেছে।’ এরপর জীবনে মানুষের আচরণ, শত্রুতা, সমালোচনা ও নেতিবাচকতা নিয়ে নিজের উপলব্ধির চারটি দিক তুলে ধরেন তিনি।

জোভানের মতে, কেউ যদি কাউকে নিজের শত্রু মনে না করে, তাহলে হয়তো সে এখনো জীবনে বড় কিছু করতে পারেনি। আবার কেউ যদি কারও পেছনে কথা না বলে, তার অর্থ হতে পারে ওই ব্যক্তি এখনো তার জীবনে তেমন গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি।

মানুষের নেতিবাচক আচরণের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে দেখেছেন জোভান। তিনি লিখেছেন, কেউ যদি কাউকে নিচে নামানোর চেষ্টা করে, তার অর্থ হলো সে ইতোমধ্যেই ওই ব্যক্তির চেয়ে উপরে অবস্থান করছে। এ প্রসঙ্গে অভিনেতার ভাষ্য, ‘ঘৃণা সবসময় নিচ থেকে আসে, কখনো ওপর থেকে নয়।’

সমালোচনা ও সন্দেহকেও ভিন্নভাবে দেখেন জোভান। তার উপলব্ধি, কেউ যদি তাকে নিয়ে সন্দেহ করে, তাহলে সেটিও হয়তো এক ধরনের ইঙ্গিত যে তিনি কিছু একটা করছেন। কারণ, অনেক সময় সমালোচনাও প্রশংসার একটি লুকানো রূপ হয়ে উঠতে পারে।

পোস্টের শেষদিকে খানিকটা রসিকতার সুরে জোভান লিখেছেন, ‘তোমার হেটাররাই আসলে তোমার সবচেয়ে বড় ভক্ত; ওদের ভালোবাসো, নাহলে এত সময় নষ্ট করে তোমাকে নিয়ে এত বড় বড় পোস্ট লিখতো না।’

জোভানের এই পোস্টে উঠে এসেছে তার ব্যক্তিগত জীবন ও পেশাগত পথচলা থেকে পাওয়া নানা উপলব্ধি। নেতিবাচকতা, সমালোচনা কিংবা বিরোধিতাকে হতাশার কারণ না বানিয়ে বরং এগুলোকে নিজের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে দেখার বার্তাই দিয়েছেন তিনি। অভিনেতার এমন উপলব্ধির পোস্টে তার ভক্ত-অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে