বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ০৩:৪১:৫৬

যার সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন খায়রুল বাসার, কেন ভেঙ্গে গেল?

যার সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন খায়রুল বাসার, কেন ভেঙ্গে গেল?

বিনোদন ডেস্ক : একসময় ছোট পর্দায় খায়রুল বাসার ও সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন ছিল বেশ চর্চিত। শোবিজে তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা হলেও এতদিন বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি কেউই। বরং বারবার সেটিকে গুঞ্জন বলে এড়িয়ে গেছেন দুজন। 

তবে এবার এক পডকাস্টে এসে সাদিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন খায়রুল বাসার। জানিয়েছেন, সেই সম্পর্ক অবশ্য কয়েক বছর আগেই ভেঙে গেছে।

অভিনেতার কথায়, নাটকে কাজ শুরুর আগেই বিজ্ঞাপনের কাজে সাদিয়ার সঙ্গে তাঁর পরিচয়।

সেই পরিচয় একসময় গড়ায় প্রেমের সম্পর্কে। তবে কেন তাঁদের সেই সম্পর্কের ইতি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি বাসার।
এ প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, ‘তখন গুঞ্জন বলে উড়িয়ে দিতাম। কারণ ভালো কিছু ভালো থাকে না।

ভালো রাখাটা কঠিন হয়ে যায়। এ কারণেই এড়িয়ে যেতাম। তবে সাদিয়ার সঙ্গে আমার প্রেম ছিল।’
তবে হঠাৎ করেই এই জুটিকে আর একসঙ্গে নাটকে দেখা যাচ্ছিল না। বিষয়টি নিয়ে নানা আলোচনা থাকলেও এবার এর কারণ জানিয়েছেন বাসার।

তাঁর ভাষ্য, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুজনের সম্মতিতেই একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিনেতা বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, আমাদের একসঙ্গে কাজ না করা ভালো। দুজনের জন্য ভালো বলেই আমরা কাজ করছি না। দর্শক আমাদের দেখতে চায় কিন্তু আমাকে তো স্বাভাবিক থেকে কাজটা করতে হবে। তাঁকেও স্বাভাবিক থাকতে হবে। সত্যি বলতে আমরা ওই জায়গাটি রাখিনি।’

বাসারের কথায়, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের পর পেশাগতভাবে একসঙ্গে কাজ করাটাও তাঁদের দুজনের জন্য স্বস্তিদায়ক নয়। তাই দর্শকের আগ্রহ থাকা সত্ত্বেও আপাতত একসঙ্গে পর্দায় ফিরছেন না তাঁরা।

করোনার পরবর্তী সময়ে টেলিভিশন নাটকে নিয়মিত জুটি হিসেবে দর্শকের নজর কেড়েছিলেন বাসার ও সাদিয়া। তাঁদের অভিনীত ‘ডুব সাঁতার’, ‘বাবুই পাখির বাসা’, ‘জলতরঙ্গ’, ‘দই ফুচকা’ ও ‘দ্য ফার্স্ট কেস’-এর মতো নাটকগুলোও দর্শকের কাছে বেশ জনপ্রিয়তা পায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে