বিনোদন ডেস্ক : জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ বন্ধ হয়ে গেছে-এমন গুঞ্জন গত এক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। নতুন পর্ব প্রচার না হওয়ায় দর্শকদের মধ্যেও তৈরি হয়েছিল নানা জল্পনা। তবে এবার সেই গুঞ্জনের অবসান ঘটিয়েছে সনি ৮।
‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা দিয়েছে সনি ৮। চ্যানেলটির তথ্য অনুযায়ী, আজ শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় নতুন পর্বটি সম্প্রচার করা হবে।
২০১৫ সালে সনি ৮-এ শুরু হয়েছিল অ্যানিমেশন সিরিজটির প্রচার। মজার কথা, বুদ্ধিদীপ্ত কাণ্ডকারখানা ও হাস্যরসের মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়ে আসছে গোপাল ভাঁড়। তবে শুধু হাসির মধ্যেই সীমাবদ্ধ নয় সিরিজটি; বিভিন্ন গল্পের মাধ্যমে উঠে আসে বুদ্ধিমত্তা, ন্যায়বোধ ও সামাজিক নানা বার্তাও।
সিরিজের প্রতিটি পর্বে দেখা যায়, গোপাল কীভাবে নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে রাজ্যের জটিল সমস্যার সমাধান করে। কখনো ক্ষমতালোভী মন্ত্রীর ষড়যন্ত্র নস্যাৎ করে, আবার কখনো রাজা কৃষ্ণচন্দ্রকে নানা পরিস্থিতিতে বুদ্ধির জোরে পথ দেখায়। এসব কারণেই ভারতের পাশাপাশি বাংলাদেশেও দীর্ঘদিন ধরে জনপ্রিয় এই অ্যানিমেশন সিরিজ।
ইউটিউবেও ‘গোপাল ভাঁড়’-এর দর্শকসংখ্যা উল্লেখযোগ্য। তবে গত জুলাইয়ে ১ হাজার ২৬৮তম পর্ব প্রচারের পর হঠাৎ করেই নতুন পর্বের প্রচার বন্ধ হয়ে যায়। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও নতুন পর্ব না আসায় দর্শকদের মধ্যে তৈরি হয় নানা প্রশ্ন।
‘গোপাল ভাঁড়’ শেষ হয়ে যাওয়ার গুঞ্জনের পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দৃশ্যও ভূমিকা রাখে। ভাইরাল ওই দৃশ্যে মৃত্যুশয্যায় শুয়ে থাকা গোপালের পাশে স্ত্রী, নাতি-নাতনি, রাজা কৃষ্ণচন্দ্র ও রাজ্যসভার সদস্যদের কান্না করতে দেখা যায়। এ দৃশ্য থেকেই সিরিজটির সমাপ্তি নিয়ে আলোচনা শুরু হয়। পরে অবশ্য জানা যায়, দৃশ্যটি পুরোনো একটি পর্বের।
নতুন পর্ব প্রচার বন্ধ থাকা এবং এ বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের নীরবতায় ‘গোপাল ভাঁড়’ শেষ হয়ে যাওয়ার গুঞ্জন আরও জোরালো হয়। তবে নতুন পোস্টার প্রকাশ করে সেই জল্পনার অবসান ঘটিয়েছে সনি ৮। চ্যানেলটি জানিয়েছে, ‘গোপাল ভাঁড়’ শেষ হয়নি; বরং নতুন গল্প নিয়ে আবারও দর্শকদের সামনে ফিরছে জনপ্রিয় অ্যানিমেশন সিরিজটি।