সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ০৭:৩২:৩৫

এবার ৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা!

এবার ৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা!

বিনোদন ডেস্ক : তামিলনাড়ুর কৃষকদের জন্য ফসল ঋণ মওকুফের পরিমাণ বাড়িয়ে ৬ হাজার ২২০ কোটি রুপি করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি বিজয় জোসেফ। এতে ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি মওকুফ করা হবে। এমন সিদ্ধান্তে রাজ্যের ১৩ লাখ ৩৪ হাজার কৃষক উপকৃত হবেন বলে জানিয়েছে রাজ্য সরকার।

বার্তা সংস্থা এএনআইয়ের জানিয়েছে, সোমবার (১৭ আগস্ট) রাজ্য বিধানসভায় এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। সরকার দায়িত্ব নেওয়ার ১০০ দিন পূর্তি সামনে রেখে কৃষকদের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিধানসভায় দেওয়া বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, তামিলনাড়ুর মানুষ যদি সরকারের জীবন হয়, তাহলে কৃষকরা সেই জীবনের নিঃশ্বাস। কৃষকদের জীবিকা রক্ষা, ঋণের বোঝা কমানো এবং কৃষি খাতকে শক্তিশালী করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সমবায় ব্যাংক থেকে ৭৫ হাজার রুপি পর্যন্ত ফসল ঋণ নেওয়া কৃষকদের পুরো ঋণ মওকুফ করা হবে। ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি মওকুফ করা হবে। এতে ২ লাখ ৩৮ হাজার ২৬৪ জন কৃষক সর্বোচ্চ ৪০ হাজার রুপি পর্যন্ত অতিরিক্ত সুবিধা পাবেন।

এ ছাড়া ১ লাখ রুপির বেশি ফসল ঋণের ক্ষেত্রে ৩৫ হাজার রুপি করে মওকুফ করা হবে। নতুন এই সুবিধা দিতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ৯৫৩ কোটি ৬ লাখ রুপি। ফলে পুরো ঋণ মওকুফ কর্মসূচির ব্যয় দাঁড়িয়েছে ৬ হাজার ২২০ কোটি রুপি।

সরকার জানিয়েছে, গত ৩১ জুলাই পর্যন্ত ৫ হাজার ২৬৭ কোটি রুপি সরাসরি ১৩ লাখ ৩৪ হাজার কৃষকের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, গত ২৫ মে দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যেই তার সরকার প্রথমে ৫০ হাজার রুপি পর্যন্ত ফসল ঋণ মওকুফের সিদ্ধান্ত নেয়। পরে কৃষক সংগঠনগুলোর সঙ্গে ব্যাপক আলোচনা শেষে ১৯ জুন সেই সুবিধা আরও সম্প্রসারণ করা হয়।

ঋণ পরিশোধের পদ্ধতিতেও আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের পার্থক্যের কথা তুলে ধরেন বিজয়। তিনি বলেন, অতীতে সমবায় ব্যাংকের পাওনা ৪ থেকে ৫ বছরে ১২ কিস্তিতে পরিশোধ করা হতো। তবে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ২০২৫ সালের ২৮ নভেম্বরের নির্দেশনা অনুযায়ী, সমবায় ব্যাংকগুলোকে ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে পুরো অর্থ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।

রাজ্যের বাজেট সংকট ও আর্থিক সীমাবদ্ধতা থাকলেও কৃষকদের দ্রুত স্বস্তি দিতে সরকার এই অতিরিক্ত আর্থিক চাপ বহন করবে বলে জানান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, কৃষকদের কল্যাণই সরকারের কল্যাণ এই নীতিকে সামনে রেখে ১৩ লাখ ৩৪ হাজার কৃষকের জন্য মোট ৬ হাজার ২২০ কোটি রুপির ফসল ঋণ মওকুফ করা হচ্ছে। সূত্র : এএনআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে