মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ০২:১৬:৩২

নতুন বেতন স্কেল নিয়ে ভাইরাল আশির দশকের জনপ্রিয় বাংলা সিনেমার গান

নতুন বেতন স্কেল নিয়ে ভাইরাল আশির দশকের জনপ্রিয় বাংলা সিনেমার গান

বিনোদন ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল বা পে-স্কেল নিয়ে আলোচনা যেন থামছেই না। কবে ঘোষণা হবে, কবে বাস্তবায়ন হবে—এমন নানা প্রশ্নের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে আশির দশকের জনপ্রিয় একটি বাংলা সিনেমার গান।

আলোচনায় থাকা গানটি হলো ‘তুমি আমার জীবন’। রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গাওয়া গানটির একটি বিশেষ অংশ ‘কেউ জানে না’ বর্তমান পে-স্কেল পরিস্থিতির সঙ্গে মিলিয়ে মজার ছলে শেয়ার করছেন অনেকে।

‘অবুঝ হৃদয়’ সিনেমায় ব্যবহৃত গানটিতে ঠোঁট মিলিয়েছিলেন জাফর ইকবাল ও ববিতা। পুরোনো এই গানটির ১৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে তৈরি হয়েছে আলোচনা।

রুবেল মাহমুদ নামে একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী গানটির প্রসঙ্গে লিখেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা যে কবে শেষ হবে জানি না। প্রতিদিনই নতুন নতুন খবর আসে কিন্তু চূড়ান্ত খবর কবে আসবে কেউ জানে না। এটা কবে জানা যাবে সেটাও মনে হয় কেউ জানে না।’

পে-স্কেল নিয়ে নানা আলোচনা ও সম্ভাব্য সময়সীমার খবর প্রকাশ পেলেও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সেই অনিশ্চয়তার মধ্যেই ‘কবে’ প্রশ্নটি যেন হয়ে উঠেছে সবচেয়ে বেশি আলোচিত বিষয়। আর সেই জায়গা থেকেই পুরোনো গানের কথার সঙ্গে বর্তমান পরিস্থিতির মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা।

ফারুক সাকিব নামে আরেকজন লিখেছেন, ‘পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে তার সঙ্গে গানের কথা একেবারে মিলে গেছে। আমরা কেউ কিছু জানি না। কিন্তু প্রতিদিনই এই খবর প্রকাশ পায়।

এদিকে ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ১৮ মিলিয়ন। সিনেমার অন্যতম আলোচিত এই গানের জাফর ইকবাল ও ববিতার পর্দার উপস্থিতিও দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। সেই গানেরই ছোট্ট অংশ এবার পে-স্কেল নিয়ে চলমান আলোচনাকে ঘিরে নতুন করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। গানটির কথা লিখেছিলেন গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। সংগীত ও কণ্ঠের মেলবন্ধনে তৈরি সেই পুরোনো গানই সময়ের ভিন্ন বাস্তবতায় এসে নতুন করে পেয়েছে আলোচনার খোরাক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে