বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের এক পার্টিতে একসঙ্গে দেখা যাওয়ার পর ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলকে ঘিরে শুরু হয়েছিল নতুন জল্পনা।
তবে সেই জল্পনায় নিজেই পানি ঢেলে দিয়েছেন আমিশা। তার কথা, হার্দিকের সঙ্গে তার সম্পর্ককে প্রেমের রং দেওয়ার কোনো কারণ নেই।
সম্প্রতি মুম্বাইয়ের তাজ মহল প্যালেসে একটি অনুষ্ঠানে হার্দিক তার বন্ধুদের সঙ্গে আমিশাকে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক ব্যক্তি দাবি করেন, হার্দিকের কাঁধে আমিশার হাত রাখার দৃশ্য তাদের প্রেমের গুঞ্জন সত্যি হওয়ার ইঙ্গিত। হার্দিক পান্ডিয়ার কাঁধে হাত রাখতে দেখা যায় আমিশা প্যাটেলকে।
ওই ব্যক্তির পোস্টে আমিশা ব্যঙ্গ করে লেখেন, ‘হ্যাঁ, একদম সত্যি। হে ঈশ্বর, আপনি ঠিকই বলেছেন! আমার হাত যেভাবে তার ওপর ছিল, সেটা সত্যিই খুব রোমান্টিক ছিল।’
ওই ব্যক্তিকে উদ্দেশ করে আমিশা আরো লেখেন, ‘আমি আপনাকে চিনি না। তবে নিশ্চয়ই আপনার কোনো মেয়ে বন্ধু নেই, এমনকি বন্ধুত্ব করার মতোও কেউ নেই।
এসব বিষয় নিয়ে পোস্ট করার আগে আপনার একজন মেয়ে বন্ধু থাকা উচিত।’
এই মন্তব্য থেকে স্পষ্ট, হার্দিকের সঙ্গে প্রেমের সম্পর্কের ইঙ্গিত দেননি আমিশা; বরং বন্ধুত্বপূর্ণ মুহূর্তকে প্রেমের রং দেওয়ার সমালোচনা করেছেন।
হার্দিকের প্রেমময় জীবন অবশ্য বরাবরই আলোচনায়। অতীতে তার নাম এলি আভরাম, উর্বশী রাউতেলা, এশা গুপ্তা, জেসমিন ওয়ালিয়ার সঙ্গে জড়িয়েছে।
তবে সবচেয়ে আলোচিত সম্পর্ক নাতাশা স্তানকোভিচের সঙ্গে।
২০২০ সালে সার্বিয়ান এই মডেলকে বিয়ে করেন হার্দিক। তাদের একটি সন্তানও আছে। ২০২৪ সালে তাদের বিচ্ছেদ হয়। ৩২ বছর বয়সী হার্দিক বর্তমানে মডেল মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে আছেন।
অন্যদিকে ৫০ পেরেনো আমিশা প্যাটেল এখনো অবিবাহিত। অতীতে পরিচালক বিক্রম ভাট ও ব্যবসায়ী কানভ পুরির সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছিল।