বিনোদন ডেস্ক : বাংলাদেশ সফরে এসে গরুর মাংস তার অন্যতম পছন্দের খাবার—এমন মন্তব্য করে ভারতীয় নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।
সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। সফরকালে এক সাক্ষাৎকারে বাংলাদেশের খাবার ও আতিথেয়তার প্রশংসা করেন তিনি। গরম ভাতের সঙ্গে পদ্মার ইলিশের তেল ও ভাজা মাছের প্রতি নিজের দুর্বলতার কথা জানান। একইসঙ্গে গরুর মাংস তার অত্যন্ত পছন্দের খাবার এবং সেদিন রাতেও তা খাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান।
সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারতীয় নেটিজেনদের একাংশ বিশ্বজিৎ চক্রবর্তীকে নিয়ে সমালোচনা ও ট্রোল শুরু করেন। একজন হিন্দু অভিনেতা হয়ে প্রকাশ্যে গরুর মাংস পছন্দের কথা বলায় তাকে কটাক্ষ করেন অনেকে। কেউ তাকে বাংলাদেশেই থেকে যাওয়ার পরামর্শ দেন, আবার কেউ কলকাতায় ফিরলে দেখে নেওয়ার হুমকিও দেন। তবে অনেকে আবার তার ব্যক্তিগত খাদ্যপছন্দের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন।
ভারতীয় সংবাদমাধ্যম আজকাল ডট ইনকে দেওয়া প্রতিক্রিয়ায় বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন বিশ্বজিৎ। তিনি বলেন, ‘আমার পেট, আমার মন, আমার হাত আর যে খাবারটা খাব তার টাকাটাও আমার! সুতরাং আমি কী খাব, সেটা অন্য কেউ ঠিক করে দেওয়ার কে?’
নিজের বাংলাদেশ সফর প্রসঙ্গে অভিনেতা জানান, এক বোনের জন্মদিনের আমন্ত্রণে গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিলেন এবং ৫ সেপ্টেম্বরই ফিরে গেছেন। বাংলাদেশের আতিথেয়তায় তিনি মুগ্ধ বলেও জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোল ও হুমকির বিষয়েও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী। তিনি জানান, এ বিষয়ে ইতিমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছেন এবং মামলাটি আদালতে বিচারাধীন থাকায় আপাতত এর বেশি কিছু বলতে চান না।
খাদ্যাভ্যাস ও গরুর মাংস নিয়ে বিতর্কে ভারতীয় তারকাদের জড়িয়ে পড়ার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে বলিউড অভিনেতা রণবীর কাপুর ও কলকাতার জনপ্রিয় সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ও একই ধরনের মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন।