বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৭:২৫

ফেসবুকে আশির দশকে ফিরে যাওয়ার হিড়িক

ফেসবুকে আশির দশকে ফিরে যাওয়ার হিড়িক

বিনোদন ডেস্ক : আশির দশকে ফিরে যাওয়ার হিড়িক পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ ফিরে যাওয়া বাস্তবে নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি ছবিতে। বর্তমান সময়ের ছবি এআইয়ের সাহায্যে বদলে যাচ্ছে চার দশক আগের রেট্রো আবহে। কারও পরনে রঙিন পোশাক, কারও চোখে বড় ফ্রেমের চশমা, কারও চুলে আশির দশকের স্টাইল—ছবিগুলো দেখে মনে হচ্ছে যেন সময়ের কাঁটা পেছনে ঘুরে গেছে।

নতুন এই ট্রেন্ডে সাধারণ মানুষের পাশাপাশি মেতে উঠেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। নিজেদের বর্তমান অবয়বকে আশির দশকের ফ্যাশন ও নান্দনিকতায় সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন তারা। মুহূর্তেই সেসব ছবি ছড়িয়ে পড়ছে ভক্তদের মধ্যে, তৈরি হচ্ছে কৌতূহল ও নস্টালজিয়ার আবহ।

এই ট্রেন্ডে যোগ দিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এআইয়ের তৈরি আশির দশকের লুকে নিজের ছবি ফেসবুকে প্রকাশ করে তিনি সংক্ষেপে লিখেছেন, ‘নিউ ট্রেন্ড।’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের ছবিতে আবার ধরা পড়েছে সে সময়ের নায়কসুলভ উপস্থিতি। বাইকে বসা, চোখে কালো চশমা আর আশির দশকের পোশাকে তাকে দেখা গেছে। ছবির সঙ্গে অপূর্ব লিখেছেন, ‘আশির দশকে অভিনেতা হওয়া মানে যা বোঝাত...।’

অভিনেত্রী ভাবনাও নিজেকে সাজিয়েছেন রেট্রো আবহে। আশির দশকের আদলে তৈরি ছবিটি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আশির দশকের আমি—ভিনটেজ আমেজে, চিরন্তন এক মায়ায়।’

তৌসিফ মাহবুবের ছবিতেও রয়েছে পুরোনো দিনের সেই চেনা আবহ। নিজের রেট্রো লুকের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’

একই ধারায় ছবি প্রকাশ করেছেন তমা মির্জা। নিজের এআই-নির্মিত আশির দশকের অবয়ব শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘ট্রেন্ড ফলো করলাম।’

পূজা চেরীও বাদ যাননি এই আয়োজন থেকে। আশির দশকের সাজে নিজের ছবি প্রকাশ করে তার সংক্ষিপ্ত মন্তব্য, ‘করলাম আরকি।’

এদিকে ‘চা গরম’ সিনেমায় ডাক্তার ইরিন চরিত্রে অভিনয় করা সাফা কবিরকেও দেখা গেছে সময়ের সীমানা পেরিয়ে রেট্রো লুকে। এআইয়ের মাধ্যমে চরিত্রটির সাজসজ্জা ও পুরো ভিজ্যুয়াল আবহে যোগ করা হয়েছে আশির দশকের ছোঁয়া।

অর্চিতা স্পর্শিয়ার ছবিতেও একইভাবে ফুটে উঠেছে চার দশক আগের ফ্যাশন। নস্টালজিক সাজ ও পুরোনো দিনের আবহে তৈরি ছবিতে তাকে দেখা গেছে ভিন্ন এক অবতারে। অভিনেত্রী নাবিলাও শামিল হয়েছেন এই ট্রেন্ডে। তার ছবিতেও রয়েছে আশির দশকের স্টাইল ও ভিনটেজ আবহ।

তবে এই তারকাময় রেট্রো যাত্রায় এখনো সরাসরি যুক্ত হননি শাকিব খান। নিজের কোনো আশির দশকের লুকের ছবি তিনি প্রকাশ না করলেও তার ভক্তরা অবশ্য বসে নেই। এআই ব্যবহার করে প্রিয় নায়কের আশির দশকের নানা ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তারা। অন্য তারকারা যখন নিজেদের রেট্রো অবতার দেখাচ্ছেন, তখন শাকিব খানকে সেই সময়ে কেমন দেখাত—ভক্তদের কৌতূহলই যেন তার এমন ছবির পেছনে মূল কারণ।

সব মিলিয়ে, এআইয়ের তৈরি ছবিতে তারকাদের এই ‘আশির দশকে ফেরা’ কেবল একটি সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রেন্ড নয়, বরং পুরোনো ফ্যাশন, নান্দনিকতা ও স্মৃতিকে নতুন প্রযুক্তির মাধ্যমে ফিরে দেখার এক মজার আয়োজন হয়ে উঠেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে