বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২০:৪১

দীঘির সঙ্গে ছবি তুলেননি তথ্যমন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’, 'পেয়েছেন দুটি বার্তা

দীঘির সঙ্গে ছবি তুলেননি তথ্যমন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’, 'পেয়েছেন দুটি বার্তা

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে অনুষ্ঠিত ‘ফিল্ম ডিরেক্টরস ডে’-তে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। সেখানে ছিলেন নতুন প্রজন্মের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘিও। অনুষ্ঠানের প্রায় শেষ দিকে তিনি মন্ত্রীর সঙ্গে ছবি তুলতে যান। কিন্তু মন্ত্রী তাড়া আছে বলে বিষয়টি পাশ কাটিয়ে যান। অনেক নেটিজেনের চোখেই পড়েছে সেই মুহূর্তের ভিডিওটি। হচ্ছে নানা আলোচনাও।

এবার এ নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, দীঘি তথ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে গেলে মন্ত্রী হাসিমুখে দ্রুত সেখান থেকে চলে যান। ঘটনাটি নিয়ে নিজের দেখা ভিডিও থেকে দুটি বার্তা পেয়েছেন বলেও উল্লেখ করেছেন জয়।

স্ট্যাটাসে জয় লেখেন, ‘মাননীয় তথ্যমন্ত্রীর সঙ্গে নায়িকা দীঘি ছবি তুলতে গেলেন। তথ্যমন্ত্রী হাসিমুখে তাড়াহুড়া করে আরেকটা কাজ আছে বলে দ্রুত জায়গা ছাড়লেন। দীঘির চোখে-মুখে একটু বিব্রত হওয়ার ভাব।’

তবে দীঘি কেন তথ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে গিয়েছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য না দিয়ে জয় লিখেছেন, ‘সম্ভবত ফ্যাশন ডিজাইনার গৌতমের কারণেই দীঘির এই ছবি তুলতে যাওয়া।’

এরপর নিজের পর্যবেক্ষণের কথা উল্লেখ করে জয় বলেন, অনেক মানুষ দীঘির সঙ্গে ছবি তোলার জন্য আগ্রহী থাকলেও তথ্যমন্ত্রীর মধ্যে নায়িকার সঙ্গে ছবি তোলার বিষয়ে তেমন আগ্রহ তিনি ভিডিওতে দেখেননি। একই সঙ্গে তিনি এটিও স্পষ্ট করেন, তার এই পর্যবেক্ষণ ভুলও হতে পারে এবং কাউকে অপমান করা তার উদ্দেশ্য নয়।

জয় লেখেন, ‘স্পষ্ট দুটো মেসেজ আমরা কিন্তু পেয়ে গেছি। তথ্যমন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী গতকাল চলচ্চিত্র পরিচালক দিবসে সকলে একসাথে উপস্থিত হয়ে সামগ্রিকভাবে চলচ্চিত্রের জন্য সুবার্তা দিলেন এবং সকল মতের প্রতিভাবান চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের কাজ করার বা কাজ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন। পাশাপাশি মন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভবিষ্যতে বিপদে না পড়ার জন্য শিল্পীকে সহযোগিতা করলেন। শিল্পীদের বোঝা উচিত কাজের বাইরে অকারনে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ। পূর্বের দিনগুলোতে আমাদের সকলের অভিজ্ঞতা খুবই ভয়াবহ। কাজটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আর আমাদের ইন্ডাস্ট্রি স্বয়ংসম্পূর্ণ হলে এবং আমরা যার যার প্রতিভা বিকাশে সফল হলে মন্ত্রীরা নিজেরাই এসে আমাদের সাথে ছবি তুলবেন। যেমন ববিতা ম্যাডামের সাথে ছবি তুলেছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। এমনকি সাবিনা ইয়াসমিন কেঁ যথার্থ মূল্যায়ন করেছেন গতকালের অনুষ্ঠানে উপস্থিত তিনজন মন্ত্রী।’

জয়ের ভাষ্য, ওই ঘটনার পাশাপাশি ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে সরকারের তিনজন মন্ত্রী-উপদেষ্টার উপস্থিতিকেও তিনি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। তার মতে, চলচ্চিত্রের জন্য সামগ্রিকভাবে একটি ইতিবাচক বার্তা পাওয়া গেছে এবং বিভিন্ন মতের প্রতিভাবান চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার ইঙ্গিত মিলেছে।

শিল্পীদের উদ্দেশে জয় আরও লেখেন, কাজের বাইরে অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার প্রবণতা থেকে সরে এসে নিজেদের কাজ ও প্রতিভা বিকাশে মনোযোগ দেওয়া উচিত। তার মতে, চলচ্চিত্রশিল্প স্বয়ংসম্পূর্ণ হলে মন্ত্রীরাই শিল্পীদের সঙ্গে ছবি তুলতে আগ্রহী হবেন।

স্ট্যাটাসে জয় চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনের প্রশংসাও করেন। তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে চলচ্চিত্র অঙ্গনের জন্য এটি একটি উল্লেখযোগ্য উদ্যোগ। পাশাপাশি তিনি ফরিদুর রেজা সাগরকে অভিনন্দন জানিয়ে তাকে চলচ্চিত্র অঙ্গনের ‘বটবৃক্ষ’ ও ‘নেপথ্যের নায়ক’ হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর এফডিসিতে অনুষ্ঠিত ‘ফিল্ম ডিরেক্টরস ডে’-তে চলচ্চিত্র অঙ্গনের গুণীজনদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর, কাজী হায়াৎ, সোহেল রানা, মতিন রহমানসহ কয়েকজনকে সম্মাননা জানানো হয়। সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন দীঘি এবং গান পরিবেশন করেন কোনাল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে