বিনোদন ডেস্ক : একসময় নাটক, বিজ্ঞাপন ও বিভিন্ন টেলিভিশন আয়োজনে নিয়মিত দেখা যেত হাসান মাসুদকে। অভিনয়ের নিজস্ব ধরন ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকের কাছে আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি। পরবর্তী সময়ে অভিনয়ের পাশাপাশি লেখক ও পরিচালক হিসেবেও কাজ করেছেন। এবার পেশাগত জীবনে নতুন পথ বেছে নিয়েছেন হাসান মাসুদ।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান জেইন গ্লোবালে হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড হিসেবে যোগ দিয়েছেন এই অভিনেতা। গত ১ সেপ্টেম্বর থেকে নতুন দায়িত্বে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন তিনি।
জেইন গ্লোবালের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৪ বছর ধরে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। হাসান মাসুদের পেশাগত অভিজ্ঞতা ও যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আরও কার্যকর যোগাযোগ এবং সেবার মান উন্নয়নে কাজ করতে চায় তারা।
মাস কয়েক আগে অভিনেতার অসুস্থতার খবর যখন ছড়িয়ে পড়ে, তখন তার ভক্তদের মনে উদ্বেগ দেখা যায়। এ ছাড়াও বহুদিন ধরেও কাজের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। পরে হজ করে এসেও কাজ করেছেন। বিজ্ঞাপনে। কিন্তু তার সেই বক্তব্যের জেরে তৈরি হয় বিতর্ক। যদিও পরে তা স্পষ্ট করেন। এমন আবহে তার নতুন চাকরির খবর ফের তাকে পর্দা থেকে সরে আসার জল্পনাকে খানিকটা তাজা করে দিল।
উল্লেখ্য, ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ দিয়ে চলচ্চিত্রে আসেন তিনি। এরপর নাটকেও নিয়মিত মুখ হয়ে ওঠেন। তার অভিনীত জনপ্রিয় কিছু নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘খুনসুটি’ ইত্যাদি। গানও করেছেন তিনি। ২০০৬ সালে তার গানের অ্যালবামও প্রকাশিত হয়েছিল।