সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬, ০১:৫০:০৫

বক্স অফিসে রীতিমতো তাণ্ডব ঘটাচ্ছে সাসপেন্স থ্রিলার দৃশ্যম ৩

বক্স অফিসে রীতিমতো তাণ্ডব ঘটাচ্ছে সাসপেন্স থ্রিলার দৃশ্যম ৩

বিনোদন ডেস্ক : পর্দায় বিজয় সালগাঁওকরের উপস্থিতি মানেই যেন টানটান উত্তেজনা আর বুদ্ধির মারপ্যাঁচ। পরিবারের নিরাপত্তা রক্ষা করার এই চরিত্রটি বরাবরের মতোই মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের।

এবারও তার ব্যতিক্রম ঘটল না। অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’- এর শেষ কিস্তি মুক্তি পায় গত শুক্রবার (২ অক্টোবর)। তিন দিন হলো মুক্তি পেয়েছে। এ সময়ের মধ্যেই বক্স অফিসে রীতিমতো তাণ্ডব ঘটাচ্ছে অভিষেক পাঠক পরিচালিত এই সাসপেন্স থ্রিলার।
 
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, ফ্র্যাঞ্চাইজিটির এই নতুন কিস্তি শুরুর দিকের আয়ের দৌড়ে ‘বর্ডার ২’, ‘টক্সিক’ (হিন্দি) ও ‘মির্জাপুর দ্য মুভি’র মতো সিনেমাগুলোকে পেছনে ফেলেছে। মুক্তির পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ব্যাপক আয় করেছে ছবিটি।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ প্রথম তিন দিনে শুধু ভারতেই ১৭৬ কোটি ৫০ লাখ রুপি (নেট) আয় করেছে। শুক্রবার ৬২ কোটি রুপি দিয়ে খাতা খোলার পর শনিবার ৫৩ কোটি ৫০ লাখ এবং রোববার আয় এসেছে ৬১ কোটি রুপি।

এই আয়ের মাধ্যমে চলতি বছরে ‘ধুরন্ধর ২’-এর পর দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং উইকেন্ডের রেকর্ড এখন এই ছবির ঝুলিতে।

ভারতের বাইরেও চলছে এই ছবির জয়জয়কার; প্রথম তিন দিনে আন্তর্জাতিক বাজার থেকে ছবিটি আয় করেছে ৬১ কোটি রুপি, যা এর বিশ্বব্যাপী আয়কে নিয়ে গেছে ২৭২ কোটি ৮০ লাখ রুপিতে।

সমালোচকদের প্রশংসাও কুড়াচ্ছে সিনেমাটি। এক সমালোচক লিখেছেন, দর্শকরা অজয় দেবগনের জন্য এলেও জয়দীপ আহলাওয়াত তাদের মুগ্ধ করে রাখবেন। আগের দুই কিস্তির মতো এবার আর মালয়ালাম ছবির গল্প অনুসরণ করা হয়নি। অভিষেক পাঠকের পরিচালনা ও সহ-চিত্রনাট্যে নির্মিত প্যানোরমা স্টুডিওজ ও স্টার স্টুডিও ১৮-এর এই সিক্যুয়েলে পুরোপুরি মৌলিক একটি গল্প উপহার দেওয়া হয়েছে। 

তবে নায়কের লড়াইয়ের মূল চেতনা আগের মতোই অটুট রয়েছে। সিনেমাটিতে অজয় দেবগন ছাড়াও টাবু, শ্রিয়া শরণ, জয়দীপ আহলাওয়াত, রজত কাপুর, প্রকাশ রাজ ও ঈশিতা দত্তের মতো একঝাঁক তারকা অভিনয় করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।