মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ১১:০৪:৪০

না মরতেই একজন মানুষকে মেরে ফেলে : এ টি এম

না মরতেই একজন মানুষকে মেরে ফেলে : এ টি এম

বিনোদন ডেস্ক : কে না চিনে এ টি এম শামসুজ্জামানকে।  কিন্তু নায়িকার নানা এ কথা হয়তো অনেকেই জানেন না।  এ পর্যন্ত পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।  প্রথম কাজী হায়াতের ‘দায়ী কে’ ছবির জন্য দু’টি ক্যাটাগরিতে পুরস্কার পান।  এরপর ‘চুড়িওয়ালা’, ‘মন বসে না পড়ার টেবিলে’ ও ‘চোরাবালি’ ছবিতে অভিনয়ের জন্য একই পুরস্কার লাভ করেন তিনি।

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এ অভিনেতার এ বয়সে ঢাকার বাইরে অবস্থান করেও চলচ্চিত্রে কাজ করতে আপত্তি নেই।  সোহেল আরমানের লেখা ‘ভ্রমর’র গল্প পছন্দ হওয়ায় কাজ করছেন তিনি।  সিলেটের জৈন্তাপুরে বর্তমানে চলচ্চিত্রটির শুটিং চলছে।  এই চলচ্চিত্রে নায়িকা মুগ্ধতার নানার চরিত্রে অভিনয় করছেন এ টি এম শামসুজ্জামান।  তার মেয়ের চরিত্রে অভিনয় করছেন ইলোরা গহর।

এ টি এম শামসুজ্জামান ও ইলোরা গহর সর্বশেষ নাবিল আশরাফের ‘রঙধনু’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।  চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের সুযোগ্য সন্তান সোহেল আরমান।  

মৃত্যুর গুজবের বিষয়ে এ টি এম শামসুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমি নিজেও জানি না- কেন আমাকে নিয়ে বারবার মৃত্যুর গুজব ওঠে।  তবে আমার জানতে ইচ্ছে করে কারা এমন করেন।  একজন মানুষকে নিয়ে এমন মজা করার কোনো অর্থ হয় না।  না মরতেই একজন মানুষকে মেরে ফেলে।  আল্লাহ যাকে যত দিন হায়াত দিয়েছেন তিনি ততদিনই বাঁচবেন।
১৫ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে