সোমবার, ২১ মার্চ, ২০১৬, ০৮:১১:২৫

দিতি আমাকে বাবা বলে ডাকতো : রাজ্জাক

দিতি আমাকে বাবা বলে ডাকতো : রাজ্জাক

বিনোদন ডেস্ক : গুণী অভিনেত্রী পারভীন সুলতানার মৃত্যুতে ভেঙে পড়েছেন বাংলাদেশের কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাক। ‌‘দিতি আর নেই' এমন খবর শুনে তিনি অসুস্থ হয়ে পরেন।

রোববার বিকেল ৪টা ৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হসপিটালে পারভিন সুলতানা দিতি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে দিতির মুত্যুর সংবাদ শোনার পর দারুণভাবে শোকাহত হন রাজ্জাক। তিনি জানান, খবরটা শুনে আমি অসুস্থ হয়ে গেছি। কিছুতেই কোনো কিছু মনে করতে পারছি না। দিতি আমাকে বাবা বলে ডাকত। দিতির স্বামী সোহেল চৌধুরী ও আমার ছেলে বাপ্পা একসঙ্গে পড়ালেখা করেছে। সেই হিসেবে দিতি আমাদের পরিবারের সবার খুব আপন।

তিনি বলেন, আমাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। আমার সঙ্গে শেষ দেখা হয় যখন আমি প্রথমবার অসুস্থ হয়ে পড়ি। সময়টা ছিল ২০১৩ সাল। তখন সে হাসপাতালে গিয়ে আমাকে সিগারেট ছাড়তে বকা দিয়েছিল। এরপর আর আমাদের দেখা হয়নি। তবে দিতি অসুস্থ হওয়ার পর আমার পরিবারের সবাই হাসপাতালে তার খবর নিয়েছে।

রাজ্জাক বলেন, দেশবাসীর কাছে অনুরোধ, সবাই দিতি ও তার পরিবারের সবার জন্য দোয়া করবেন। সূত্র : প্রথম আলো
২১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে