সোমবার, ২১ মার্চ, ২০১৬, ০৩:১০:০৪

বাবা-মায়ের পাশে চির নিদ্রায় শায়িত দিতি

বাবা-মায়ের পাশে চির নিদ্রায় শায়িত দিতি

বিনোদন ডেস্ক : তৃতীয় জানাজা শেষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাবা-মায়ের পাশে কবরস্থ করা হয়েছে বাংলাদেশের গুণী অভিনেত্রী ও নির্মাতা পারভীন সুলতানা দিতিকে। বাদ জোহর তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে গুলশানে অভিনেত্রী ও নির্মাতা দিতির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় এফডিসিতে। সেখানে তার সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের পর অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা।

সোয়া ১০টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাবের সামনে মরহুমার স্বজন, চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী এবং শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা জানানো শেষে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। দিতির অন্য সহকর্মীদের মধ্যে ছিলেন অভিনেতা আলমগীর, ওমর সানী, অভিনেত্রী চম্পা, বিন্দু, নাসরিন, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণ প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘদিন ব্রেইন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে রোববার বিকালে পৃথিবীর সব বন্ধন ছিন্ন করে না ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা পারভিন সুলতানা দিতি।
২১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে