বিনোদন ডেস্ক : বিতর্ক যেন তারকাদের পিছু ছাড়ে না। অমিতাভকে নিয়েও একাধিকবার নানা বিতর্ক হয়েছে এর আগে। কিন্তু, এবারের বিতর্ক গড়িয়েছে একেবারে থানা পর্যন্ত।
ভারত-পাকিস্তান ম্যাচে জাতীয় সঙ্গীত গাওয়ার কাথা ছিল বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের। কথা দিয়ে সেই কথাও রাখলেন তিনি। কিন্তু মাঠে দাঁড়িয়ে তিনি নাকি ভুলভাবেই ভারতীয় জাতীয় সঙ্গীত গেয়েছেন। আর এই অভিযোগ আনলেন দিল্লির বাসিন্দা উল্লাস পি আর নামে এক ব্যক্তি।
উল্লাস পি আর অভিযোগ করেন, ‘১৯ মার্চ ইডেনে নিজের মতো করে জাতীয় সংগীত গেয়েছেন অমিতাভ বচ্চন। জাতীয় সংগীত জনসমক্ষে গাওয়া নিয়ে ভারত সরকারের যে নির্দেশিকা রয়েছে, তার সঙ্গে বিগ বি-র গানের ধরন এবং শব্দের মিল ছিল না। উল্লাসের অভিযোগ, জাতীয় সংগীত ৫২ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে বলে নির্দেশিকায় বলা আছে’।
তিনি বলেন, ‘অথচ, অমিতাভ গাইতে সময় নিয়েছেন ১ মিনিট ১০ সেকেন্ড। জাতীয় সংগীত গাওয়ার জন্য যে ধরন অনুসরণ করার কথা ছিল, বিগ বি তাও অনুসরণ করেননি। দুই স্থানে দু’টি শব্দও ভুল বলেছেন বলে উল্লাসের দাবি। তার মতে, ‘দায়ক’ শব্দের স্থানে ‘নায়ক’ বলেছেন। আবার ‘সিন্ধ’-এর জায়গায় ‘সিন্ধু’ শব্দ উচ্চারণ করেছেন’।
২১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই