বিনোদন ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও মঞ্চকর্মী সোহাগী জাহান তনুকে পাশবিক নির্যাতনের পর হত্যার দাবিতে প্রতিবাদে ফুঁসছে দেশ। প্রতিবাদ জানিয়েছেন তারকারাও।
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফের জন্মস্থান কুমিল্লায়। এ শিল্পীও তনু হত্যায় বিচারের দাবিতে সোচ্চার ভূমিকা পালন করছেন ফেসবুকে। তার আশঙ্কা, তনু হত্যার ইস্যুটিও অন্যান্য ইস্যুর ভিড়ে হারিয়ে যেতে পারে। তার বিচার নিয়েও হতাশা ব্যক্ত করেছেন তিনি। সমালোচনা করেছেন ফেসবুক ব্যবহারকারীদেরও।
আসিফ লিখেছেন, উত্তরের ইয়াসমিন থেকে পাহাড়ের কল্পনা চাকমা, ঢাকার শাজনীন থেকে কুমিল্লার সোহাগী জাহান তনু। তারা আমার কেউ নয়, তারা আমাদের বহু কষ্টে অর্জিত স্বাধীনতার একেকটি ঝরে যাওয়া মেডেল, আমার জাতীয় পুরস্কারটির মত। তনুর ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডে পথিকৃত কুমিল্লা ঐতিহ্যে আরো সমৃদ্ধ হলো, অতীতকে সহজেই ভুলে যাওয়া জাতির গর্বিত সন্তান আমি। পরবর্তী ইস্যুর জন্য সব সময় প্রস্তুত।
তিনি লিখেছেন, ফেসবুক এখন আদালত, ফেসবুকাররা বিচারক। কিছুদিন পরপর রাষ্ট্রে তনুরা বেঘোরে প্রাণ দেবে, আমরা বিচার চেয়ে পাগল হয়ে যাবো, তারপরই কভার পিকচার চেঞ্জ করে তনুকে ভুলে যাব। আসবে স্বাধীনতা কিংবা বিজয় দিবস, আবার আমরা ক্ষণিকের পাগল হয়ে যাব। বাংলাদেশ ক্রিকেট ম্যাচ জিতবে,আমরা হয়ে যাবো উগ্র দেশপ্রেমিক। টানা কয়েকটা ম্যাচ হারলেই সাকিব তামিমদের গুষ্টি উদ্ধার করবো। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব কে বলবো– ‘সাকিব কোন প্লেয়ারই না, এর চেয়ে মেহেদী মিরাজ অনেক ভালো’।
তনু তোমাকেই বলছি- কাউকে ক্ষমা করো না, আমাকেও না। পারলে বেহেশতে গিয়ে তোমাকে নিয়ে লেখা সবার পোষ্টগুলো চেক করে লাইক দিও, ঠিক তার পরের পোস্টটা পড়ে আনফ্রেন্ড করে দিও, ব্লক মেরো না। কারণ পরের বছর ফিকে হয়ে যাওয়া মৃত্যু দিবস উপলক্ষে পোস্টগুলো পড়তে পারবে না। এর মধ্যে তোমার কাছে বিভিন্ন নামে আরো তনুরা আসবে। আমরা আবার প্রতিবাদে উত্তাল হবো, তবে কথা দিচ্ছি– তোমাকে ভুলে যাবোই।
২৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম