বিনোদন ডেস্ক : ভারতের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতায় গ্ল্যামারের বিচ্ছুরণ। এফবিবি ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরার শিরোপা অর্জন করলেনে আসামের গুয়াহাটির মেয়ে প্রিয়দর্শিনী চ্যাটার্জী। তার হাতে সেরার খেতাব তুলে দিলেন গতবারের জয়ী আদিতি আর্য।
শনিবার বলিউড তারকা মুখরিত অনুষ্ঠানে এ বিজয়ীর নাম ঘোষণা করেন শাহরুখ খান। প্রতিযোগিতার ফাইনালে অংশ নিয়েছিলেন ২১ জন প্রতিযোগী। এ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন সুশ্রুতি কৃষ্ণা আর দ্বিতীয় রানারআপ হয়েছেন পানকুড়ি গিড়ওয়ানি। মুম্বাইয়ে অনুষ্ঠিত হল প্রতিযোগিতার ৫৩ তম সংস্করণ। এই পুরস্কার প্রদান অনুষ্ঠান ছিল রীতিমতো জমকালো।
এবারের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত, অর্জুন কাপুর, ইয়ামি গৌতম, অ্যামি জ্যাকসন, গত বছরের মিস ওয়ার্ল্ড মিরেইয়া লালাগুনা, টেনিস তারকা সানিয়া মির্জা, পরিচালক একতা কাপুর, কবির খান, ডিজাইনার মনীষ মালহোত্রা ও শেন পিকক।
অনুষ্ঠানজুড়ে বলিউড তারকাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বিশেষকরে বরুণ ধাওয়ান, শহিদ কাপুর, টাইগার শ্রফ, জ্যাকুলিন ফার্নান্দেজের পরিবেশনা ছিল চোখ ধাঁধানো। চূড়ান্ত গাউন রাউন্ডে সুনিধি চৌহানের গান পরিবেশনের সঙ্গে প্রতিযোগীরা ক্যাটওয়াক করেছেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পরিচালক করণ জোহর ও অভিনেতা মনীষ পাল।
মিস ওয়ার্ল্ড ২০১৬ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রিয়দর্শিনী।
১১ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস