বিনোদন ডেস্ক : ভালো নেই ভারতের মহারাষ্ট্রের কৃষকরা। দুশ্চিন্তার ছাপ তাদের চোখে মুখে। আগামী দিন যেন অন্ধকার হয়ে ভেসে উঠছে তাদের চোখের সামনে। খরা যেন রাতের ঘুম কেড়েছে কৃষকদের। তার মধ্যে মুম্বাইয়ে আইপিএল ম্যাচ আয়োজনের জন্য খরচ হচ্ছে হাজার হাজার লিটার পানি। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
মহারাষ্ট্রের কৃষকদের এমন দুর্দিনে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।
আইপিএল-এর মৌসুমে নিজের দল কিংস ইলেভেন পাঞ্জাবকে নিয়ে এখন বেশ ব্যস্ত বিউটি কুইন প্রীতি। বিয়ের পর প্রথমবার মার্কিন মুলুক থেকে এদেশে এসেছেন আইপিএল-এ দলের পাশে থাকতে।
সেই ব্যস্ততার মধ্যেও তিনি খানিকটা সময় বের করে নিয়েছিলেন নাসিকের গ্রামবাসীদের জন্য। সেই গ্রামে কৃষকদের জন্য একটি কুয়া তৈরিতে আর্থিক সাহায্য করলেন প্রীতি।
গ্রামবাসীরা যাতে পানির সমস্যার মোকাবিলা করতে পারেন, তার জন্য বেশ কিছু পানির ট্যাঙ্কারের ব্যবস্থা করেছেন তিনি। এখানেই শেষ নয়, গ্রামবাসীদের খাবারের জন্যও অর্থ দিয়েছেন এই অভিনেত্রী। সঙ্গে সৌর বিদ্যুৎ চালিত আলোর ব্যবস্থাও করেছেন।
কোনো স্পন্সর অথবা ছবির প্রচারের কাজ নয়। নিজের ইচ্ছাতেই গ্রামবাসীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে নিজের সমাজসেবার বেশ কিছু ছবি দিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন প্রীতি।
১১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন