সোমবার, ১১ এপ্রিল, ২০১৬, ০৪:০৮:১৬

কাঁদলেন ন্যান্সি, জেনে নিন কেন?

কাঁদলেন ন্যান্সি, জেনে নিন কেন?

বিনোদন ডেস্ক : ইউটিউবে মুক্তি পেয়েছে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ন্যান্সির ‘বৃষ্টিবিহীন’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। সেখানে নতুন এক ন্যান্সিকে পাওয়া গেছে। দারুণ সুন্দর মায়াবি ন্যান্সি।

সেখানে দেখা যাচ্ছে, বাতাসে উড়ছে চুল। জানালায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন ন্যান্সি। একটু দূরে তবলাবাদক মগ্ন হয়ে বাজিয়ে যাচ্ছেন তবলা। ন্যান্সি তালে তালে গাইছেন ‘আমি বৃষ্টিবিহীন কোনো এক শ্রাবণেরও দিন/ তৃষিত হৃদয় মন, পিপাসাকাতর.. ‘

গানটি গাইতে গাইতে একসময় দেখা গেল কাঁদছেন ন্যান্সি। চোখ মুছে আবারও গানে মনোযোগী হলেন তিনি। নতুন অ্যালবামের গানের ভিডিওতে এভাবেই নিজেকে তুলে ধরেছেন তিনি।

‘বৃষ্টিবিহীন’ গানের কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর ও সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন। আর গানটির সংগীতায়োজন করেছেন কলকাতার রকেট মণ্ডল।

পুরোনো ঢাকার একটি শুটিংবাড়িতে ভিডিওচিত্রটির জন্য ‘বৃষ্টিবিহীন’ গানটির দৃশ্যধারণ করা হয়। এটি নির্মাণ করেছেন চন্দন রায়চৌধুরী।

ন্যান্সি জানিয়েছেন, ‘গানের ভিডিওতে আমি খুব একটা অভ্যস্তও নই। গাইতেই আমার ভালো লাগে। প্রযোজনা প্রতিষ্ঠানের অনুরোধে শেষ পর্যন্ত ভিডিওতে অংশ নিতে হয়েছে।’

তিনি বলেন, ‘শুটিংয়ের সময় পুরো বাড়িতে এমনভাবে ধোঁয়া ছাড়া হয়েছিল যে কোনোভাবেই চোখ খুলতে পারছিলাম না। চোখ খুলতেই আপনা-আপনি পানি পড়তে শুরু করেছিল। সাধারণত গ্লিসারিন ব্যবহার করেই কান্নার দৃশ্যে অভিনয় করতে হয়, কিন্তু ধোঁয়া আমার সেই কাজটা করে দিয়েছে।’
১১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে