বিনোদন ডেস্ক : ১৯৯৪-এর সেই শাহরুখ আর ২০১৬-এর এই শাহরুখ! ২২ বছরেও বলিউড বাদশার স্বভাব একটুও বদলাল না! এর আগে ১৯৯৪ সালে শাহরুখ খান কিনতে গিয়েছিলেন ফিল্মফেয়ার-এর সেরা অভিনেতার পুরস্কার। তার জন্য ফিল্মফেয়ারের এক কর্তাব্যক্তির বাড়িতে হানাও দেন তিনি। প্রথমে টাকা দিতে চাওয়া, তার পরে অনুরোধ- কাজ হয়নি কোনোটাতেই!
এবার ২০১৬-তে এতটা না হলেও পুরস্কারের জন্য বেশ মরিয়া হয়ে পড়তে দেখা গেল কিংখানকে। নিজের মুখে সাফ বললেন তিনি, ''এবার যদি ফ্যান-এর জন্য কোনও পুরস্কার না পাই, তাহলে সেটা ছিনিয়ে নেব!''
এই বিস্ফোরক বক্তব্যের পরেই অবশ্য ভাব বুঝে সুরটা কিঞ্চিৎ নরম করেছেন নায়ক। বলেছেন, ''নইলে কান্নাকাটি শুরু করব!''
শাহরুখ কথা ঘোরানোর যতই চেষ্টা করুন না কেন, তার এই মন্তব্যকে নিয়ে জল্পনা কিন্তু থামছে না। সবাই বলছেন, বলিউডে ধীরে ধীরে শাহরুখের পায়ের তলা থেকে জমি নড়ছে। 'দিলওয়ালে'-র একটাও পুরস্কার না পাওয়া তার স্পষ্ট প্রমাণ।
আর, এ বছরে বিশেষ করে শাহরুখের পক্ষে প্রতিদ্বন্দ্বিতাটা বেশ হাড্ডাহাড্ডিও! এই বছরে মুক্তি পাচ্ছে আমির খানের 'দঙ্গল', সালমান খানের 'সুলতান', অক্ষয় কুমারের 'রুস্তম'। এছাড়া, রয়েছেন জুনিয়ররাও! বছরের শেষের দিকে 'রইস' মুক্তি পাবে বটে, তবে তাতেও প্রতিদ্বন্দ্বিতার পাল্লা হালকা হচ্ছে না!
১৮ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস