রবিবার, ১২ জুন, ২০১৬, ১১:২৯:১৮

শুটিংয়ে অসুস্থ নুসরাত ফারিয়া

শুটিংয়ে অসুস্থ নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক : বান্দরবানে জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিং চলছিল। এতে অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। কিন্তু ছবিটির শুটিং চলাকালেই তিনি অসুস্থ হয়ে পড়েন। রক্তচাপ কমে যাওয়ায় শুটিং স্পটেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

অসুস্থ ফারিয়াকে তাৎক্ষণিকভাবে বান্দরবানে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এরপর আবারও কাজ শুরু করেন তিনি। এক পর্যায়ে আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর বাধ্য হয়ে পরিচালককে শুটিং স্থগিত করেন। শুক্রবার রাতে বিমানযোগে ফারিয়াসহ ছবির পুরো ইউনিট চলে আসে ঢাকায়।

জানতে চাইলে ফারিয়া বলেন, ‘গত কয়েক মাস আমার ওপর দিয়ে একরকম ঝড় বয়ে গেছে। অনেক কাজ করতে হয়েছে। সিনেমার শুটিংয়ের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান এবং সিনেমার প্রচারণার কাজে ঢাকা, কলকাতা, লন্ডন অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হয়েছে। কোনো বিশ্রামই নিতে পারিনি। এই কারণে শরীরটা বেশি দুর্বল হয়ে গেছে।’

ফারিয়া এখন তার ঢাকার বাসায় বিশ্রাম নিচ্ছেন। ফারিয়া জানান, চিকিৎসক তাকে সাত দিনের বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন। এরপর যদি শারীরিকভাবে নিজেকে সুস্থ মনে করেন তাহলে কাজে ফিরতে পারবেন।
১২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে