শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬, ০৯:০০:২৫

প্রবাসী বাংলাদেশির বাড়িতে বেড়াতে এসেছেন তারই সৌদি কফিল

প্রবাসী বাংলাদেশির বাড়িতে বেড়াতে এসেছেন তারই সৌদি কফিল

এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সৌদি আরব প্রবাসী এক বাংলাদেশির বাড়িতে বেড়াতে এসেছেন তার সৌদি কফিল। দীর্ঘ ২৫ বছরের কর্মসম্পর্কের টানে বাংলাদেশ সফরে এসে কর্মীর বাড়িতে অতিথি হয়েছেন সৌদি আরবের চিকিৎসক ডা. খালেদ আহমেদ সালেহ আল গমেদী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলী গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. নাজির মিয়ার বাড়িতে যান তিনি।

জানা গেছে, জামতলী গ্রামের আব্দুল অহেদ মিয়ার ছেলে মো. নাজির মিয়া প্রায় ২৫ বছর ধরে সৌদি আরবে কর্মরত রয়েছেন। তিনি সৌদি চিকিৎসক ডা. খালেদ আহমেদ সালেহ আল গমেদীর অধীনে কাজ করছেন। দীর্ঘদিন ধরেই নাজির মিয়ার বাংলাদেশে অবস্থিত বাড়িতে আসার আগ্রহ ছিল ডা. গমেদীর। তবে পেশাগত ব্যস্ততার কারণে এতদিন তা সম্ভব হয়নি। অবশেষে বাংলাদেশ সফরের সুযোগে তিনি ব্রাহ্মণপাড়ার জামতলী গ্রামে নাজির মিয়ার বাড়িতে আসেন।

তার আগমনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় তরুণ ও যুবকেরা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে স্বাগত জানান। পরে শোভাযাত্রাসহ তাকে নাজির মিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

নিজের অনুভূতি জানিয়ে মো. নাজির মিয়া বলেন, ‘আমি প্রায় ২৫ বছর ধরে ডা. খালেদ আহমেদ সালেহ আল গমেদীর অধীনে কাজ করছি। তিনি কয়েক বছর ধরেই আমার বাংলাদেশের বাড়িতে আসতে চেয়েছিলেন। কিন্তু সময়-সুযোগের কারণে তা সম্ভব হয়নি। তিনি সৌদি আরবের একজন স্বনামধন্য চিকিৎসক এবং অত্যন্ত ভালো মনের মানুষ। তাকে আমার দেশে ও আমার বাড়িতে আনতে পেরে আমি খুবই আনন্দিত।’

ডা. খালেদ আহমেদ সালেহ আল গমেদী নাজির মিয়ার মাধ্যমে জানান, ‘বাংলাদেশ খুবই সুন্দর একটি দেশ। এখানকার মানুষের সঙ্গে দেখা করে আমার খুব ভালো লাগছে। সুযোগ পেলে আবারও বাংলাদেশে আসব।’

এদিকে ডা. গমেদীর আগমনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ তাকে একনজর দেখতে নাজির মিয়ার বাড়িতে ভিড় করেন। এ সময় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসী মো. নাজির মিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে