বুধবার, ০৬ মে, ২০২৬, ০৮:১৬:৫২

হঠাৎ ইলিশে ইলিশে সয়লাব রাজধানীর বাজার, কেজি কত হলো জানেন

হঠাৎ ইলিশে ইলিশে সয়লাব রাজধানীর বাজার, কেজি কত হলো জানেন

এমটিনিউজ২৪ ডেস্ক : সরবরাহ কমে যাওয়া আর জ্বালানির সংকটের দোহাই দিয়ে বাড়ানো হচ্ছে প্রায় সবকিছুর দাম। এখনও ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। মুরগিতেও স্বস্তি নেই। সোনালির কেজি ৩৬০-৩৭০ টাকা। আর দেশি মুরগি ৭২০। তবে, ব্রয়লার মিলছে ১৮০ টাকাতেই। নিত্যপণ্যের এমন চড়া দামে আয়ের সঙ্গে খরচের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। রাজধানীর বাজার ইলিশে সয়লাব। কিছুটা কমেছে দর।

রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এমন তথ্য।

গতকাল মধ্যরাতে শেষ হয়েছে নদীতে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা। মাত্রই নদীতে গেছেন জেলেরা। তারা ফেরার আগেই রাজধানীর বাজার ইলিশে সয়লাব। দামও কিছুটা কমেছে। ব্যবসায়ীদের দাবি, এসব মাছ কোল্ড স্টোরেজের নয়। এদিকে, সাগরে নিষেধাজ্ঞার কারনে উপকূলে এখনও স্বাভাবিক নয় মাছের সরবরাহ। অনেকে আবার দুষছেন আবহাওয়াকে।

মূলত, নিত্যপণ্যের দামের পারদ বেশ অনেকদিন থেকেই চড়া। শ্রমিক দিবসেও খেটে খাওয়া মানুষের যে একটু ভালোমন্দ পাতে জুটবে তার বন্দোবস্তও নাগালের বাইরে।সীমিত আর মধ্যবিত্তের পুষ্টির সহজতর উৎস, সেই ডিমের দাম চড়া কয়েক সপ্তাহ ধরে। ১১০ টাকা ডজনের লাল ডিম বিকোচ্ছে ১৩০ টাকাতে। সাদা ডিমের ডজনও বেড়েছে ১০ টাকা পর্যন্ত। বিক্রেতাদের কেউ অজুহাত দিচ্ছেন ক‍‍`দিন আগের গরমে ডিম নষ্টের তো কেউ আবার বলছেন চলমান বৃষ্টিতে উৎপাদন ব্যাহত।

চিকন বেগুন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর বড় গোল বেগুনের দাম কেজি ১৩০ থেকে ১৫০ টাকা। একইভাবে কাঁকরোলের দামও বেশ চড়া। প্রতি কেজি কাঁকরোল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা।

এদিকে টমেটো ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা, ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। কাঁচা মরিচের কেজি ১২০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা এবং লাউ প্রতিটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকলার হালি (৪টা) বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

রমজানে যে সোনালি মুরগি ২৯০-৩২০ টাকায় কেনা গেছে তা এখন ৩৬০-৭০ এর নিচে মিলছেই না। ব্রয়লার সেই ১৮০-৯০ টাকা। আর দেশি মুরগীর দাম শুনলে তো পিলে চমকে ওঠার জোগার।

ক্রেতাদের মতে, যেভাবে ডিম-মুরগির দাম বাড়ছে সেভাবে সর্বসাধারণের আয় বাড়ছে না। নিত্যপণ্যের দামে কোনঠাসা সাধারণ মানুষ। আয়ের সঙ্গে মেলে না খরচের হিসাব।

জ্বালানি তেলের সংকট, সরবরাহের অজুহাতে কেউ বাড়তি সুবিধা নিচ্ছে কিনা তা নিশ্চিতে বাজার তদারকি বাড়ানোর তাগিদ সকলের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে