এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকার সাভারে একটি জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত সাতটি দোকান পুড়ে গেছে। আগুনে দোকানগুলোর সব মালামাল ভস্মীভূত হওয়ায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঈদকে সামনে রেখে নতুন জুতার সংগ্রহ তুলেছিলেন ব্যবসায়ীরা। হঠাৎ আগুনে সেই স্বপ্ন ছাই হয়ে যাওয়ায় হতাশায় ভেঙে পড়েছেন তারা।
সোমবার (১১ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার সাজ্জাদ পাদুকা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে মার্কেটের একটি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দিলে মোট পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে নতুন জুতার বিপুল পরিমাণ মালামাল দোকানে তোলা হয়েছিল। আগুনে সব পুড়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই কান্নাজড়িত কণ্ঠে জানান, এক রাতেই তাদের বছরের মূলধন শেষ হয়ে গেছে।
এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক হাফিজুর রহমান বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।