এমটিনিউজ২৪ ডেস্ক : ঈদুল আজহা সন্নিকটে চলে এসেছে। আগামী বৃহস্পতিবার (২৮ মে) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
ইতিমধ্যে সরকারি-বেসরকারি ছুটি শুরু হয়েছে। ঈদে কোরবানির উদ্দেশ্যে হাটে হাটে পছন্দের পশু খুঁজছেন ক্রেতারা। বিভিন্ন হাটে ক্রেতাদের ভিড় দেখা গেলেও একটি হাটে নেই কোনো ক্রেতা। রাজধানীর গ্রিন বনশ্রী পশুর হাটে গিয়ে দেখা যায় এমন চিত্র।
হাট ঘুরে দেখা যায়, হাটে অসংখ্য গরু থাকলেও ক্রেতার সংখ্যা শূন্য। বিক্রেতাদের কেউ কেউ পশু বেঁধে রেখে নির্বাক বসে আছেন, কেউ কেউ ঝিমাচ্ছেন আবার কাউকে দেখা যায় গভীর ঘুমে আচ্ছন্ন।
ঘুমকাতর এক বিক্রেতার সঙ্গে কথা হলে তিনি বলেন, হাটে লোকজনও নেই, বেচেকেনাও একেবারেই নেই, বসে থেকে কি করব! সেজন্য ঘুমাচ্ছি। পুরো হাটে গরু ভরা, কিন্তু কেনার মানুষ নাই। তাই অনেকেই ঘুমাচ্ছে।
আরেক বিক্রেতা জানান, এই হাটটা নতুন বসেছে, হঠাৎ এখানে এসে বিপদে পড়েছি। এখানে বৃষ্টি এলে কোথাও যে একটু বসব সেই পরিস্থিতিও নেই। হাটের অবস্থা করুণ, একেবারেই লোকজন নেই। এর মধ্যে যারা আসছেন তারা যেই দাম বলছেন তা কেনার দাম না।
১৬টি গরু বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা এক পশু ব্যবসায়ী বলেন, এখানে বেচাকেনা একেবারেই নেই। ১৬টা গরু নিয়ে আসছি, একটাও বিক্রি করতে পারি নাই। আরো দুদিন বাকি আছে, দেখা যাক বিক্রি হয় কি না। কিন্তু হাটে খরিদদার একদমই নেই। বিক্রি না হলে একেবারে পথে বসব।
২২টি গরু নিয়ে আসা আরেক ব্যবসায়ী বলেন, বেচাকানা নেই তাই ঘুমাচ্ছি। ২২টা গরু আনছি, কিন্তু ক্রেতা নেই। বিক্রি না করতে পারলে একেবারে ক্ষতিগ্রস্ত হব। ভাবছিলাম নতুন হাটে অনেক মানুষ আসবে, কিন্ত এখন দেখছি কোনো ক্রেতা নেই। ১ লাখ ৪০ হাজার টাকার গরু দাম বলে ৮০ হাজার।