রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের মেট্রো রেল স্টেশনের নিচের সড়কে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরো একটি বোমা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে এই পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে, পুলিশসহ বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনাস্থলে কাজ করছে। সড়কের একপাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, রাতে মেট্রো স্টেশনের নিচের সড়কে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার পরপর পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ছাতার ভেতরে পেঁচানো অবস্থায় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরো একটি বোমা পাওয়া যায়।