সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ০৮:১৯:১১

ভেঙে দেওয়া হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’

ভেঙে দেওয়া হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ফুটপাত ও সড়ক দখল করে অস্থায়ী কাঠামো তৈরি করে ব্যবসা পরিচালনার অভিযোগে হোটেলটি ভেঙে দেওয়া হয়।

রোববার (১৬ আগস্ট) দুপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভাইরাল হওয়া ‘মিজানের ভাতের হোটেল’টির অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করে কাফরুল থানা পুলিশ।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে কাফরুল এলাকার মূল সড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ী কাঠামো তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন মিজানুর রহমান। এতে সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি সড়কে যানজটের সৃষ্টি হতো।

এর আগে গত ১০ আগস্ট আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পুলিশের এক সদস্যকে বোতল দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে মিজানের বিরুদ্ধে। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই সময় মিজানুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে খাবার পরিবেশন ও স্বল্পমূল্যে ভাত বিক্রির বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ার পর ‘মিজানের ভাতের হোটেল’ পরিচিতি পায়। তবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে এবার উচ্ছেদ করা হলো হোটেলটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে