শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ০৪:৩৬:৫১

রাজধানীতে আবারও মিছিল করল নিষিদ্ধ আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ

রাজধানীতে আবারও মিছিল করল নিষিদ্ধ আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানী ঢাকার উত্তরায় আবারও মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ। মিছিল থেকে একজনকে আটকও করেছে পুলিশ। 

শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর-ঢাকা মহাড়কের উত্তরার জসিম উদ্দিনে মিছিলটি শুরু হয়।  

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে মিছিলটি করা হয়। খবর পেয়ে পুলিশ মিছিলকারীদের ধাওয়া দেয় এবং একজনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম বলেন, মিছিলে ধাওয়া করে পোস্টার-ব্যানারসহ একজনকে আটক করা হয়েছে।

জুলাই অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ অগাস্ট দেশে ছেড়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর তিন দিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা অন্যদলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগের বাকি জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশই রয়েছেন আত্মগোপনে। ফলে, এখন নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতে নেই তারা।

আন্দোলন দমাতে শত শত মানুষকে হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিচার চলছে, আর সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে, এর মধ্যেও ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিলের খবর আসে প্রায়ই। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে