শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ০৪:০৯:২০

ডিমের দাম বাড়লেও সুখবর পেঁয়াজ, রসুনের বাজারে

ডিমের দাম বাড়লেও সুখবর পেঁয়াজ, রসুনের বাজারে

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর খুচরা বাজারে প্রায় এক মাস ধরে ফার্মের মুরগির ডিমের দাম চড়া। প্রতি ডজন ডিম এখনো বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬৫ টাকায়। এর মধ্যেই নতুন করে বেড়েছে চিনি, আটা ও ময়দার দাম। গত এক সপ্তাহে খোলা চিনির দাম কেজিতে আরও ৫ টাকা বেড়ে ১১৫ থেকে ১২০ টাকায় উঠেছে। পাশাপাশি মোড়কজাত চিনির সরবরাহ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা।

তবে নিত্যপণ্যের বাজারে স্বস্তির খবরও আছে। পেঁয়াজ, রসুন, আমদানি করা আদা ও কয়েক ধরনের সবজির দাম কিছুটা কমেছে।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর মুগদা, মানিকনগর, খিলগাঁও ও মতিঝিল এলাকায় ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ফার্মের মুরগির প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬৫ টাকায়। কেউ এক হালি কিনতে গেলে ৫৫ টাকা দিতে হচ্ছে। এই হিসেবে এক ডজন ডিমের দাম দাঁড়াচ্ছে ১৬৫ টাকা। তবে এক ডজন কিনলে ১৫০ থেকে ১৬০ টাকা রাখা হচ্ছে।

বাজারে ডিমের পাশাপাশি ব্রয়লার মুরগির দামও ঊর্ধ্বমুখী রয়েছে। প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

এ বিষয়ে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) মহাসচিব এম সাফির রহমান বলেন, ডিম ও মুরগির মূল্যবৃদ্ধি মূলত জোগান ও চাহিদার ওপর নির্ভর করে। সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে দেশের অসংখ্য লেয়ার খামারি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় অনেক খামারির ডিম নষ্ট হয়েছে এবং মুরগি ও ডিম ভেসে গেছে। যার ফলে বাজারে জোগানের বড় ঘাটতি তৈরি হয়েছে এবং দাম বেড়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে