এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় করা মামলায় ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রানা (৩৫) ও তার সহযোগী মাদক কারবারি তাপসকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩টি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামিদের অবস্থান নিশ্চিত করে ডেমরা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। প্রথমে ডেমরার সুলতানা কামাল সেতুর ঢাল থেকে ডেমরা থানায় একটি হত্যা মামলার পলাতক আসামি ও কুখ্যাত মাদক কারবারি তাপসকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ডেমরা সংলগ্ন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাব পৌরসভার বরাবো এলাকার একটি বাড়ি থেকে ছাত্রদল নেতা মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে উভয় আসামির দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে রূপগঞ্জের বরাবো এলাকার ওই বাড়ি থেকে ১টি শটগান ও ৮ রাউন্ড কার্তুজ এবং তাপসের ভাড়া বাসার কক্ষের সানশেড থেকে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।