এমটিনিউজ ডেস্ক : খাগড়াছড়ির রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম হোসেন নয়নকে (৩১) ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি রামগড় পৌরসভার আনন্দপাড়ার বাবুল মিয়ার ছেলে।
রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে রামগড় থানার এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ডিএমপির ডিবি পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে ডেমরা থানার কোনাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে।
শুক্রবার দুপুরের পর তাকে ঢাকা থেকে রামগড় থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে রামগড় থানায় একাধিক মামলা রয়েছে।
ওসি আরও জানান, দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে শুক্রবার বিকালে খাগড়াছড়ি জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।