শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ০৮:২৫:৩০

রাজধানীতে পৃথক স্থানে তিনটি বাসে আগুন

রাজধানীতে পৃথক স্থানে তিনটি বাসে আগুন

এমটিনিউজ ডেস্ক : রাজধানীতে পৃথক স্থানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মিরপুর, উত্তর বাড্ডা ও কালশী এলাকায় এসব ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুরের পল্লবীর ১১ নম্বর সেকশনের বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা বালু ও পানি ছিটিয়ে আগুন নেভান। এতে বাসটির কয়েকটি আসন পুড়ে যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, বাসটি পাঁচ দিন ধরে ওই সড়কে পার্ক করা ছিল। বাসমালিকদের সড়কে বাস না রাখার অনুরোধ জানানো হয়েছিল। তাদের জন্য ভাষানটেকে নির্ধারিত জায়গাও ঠিক করে দেওয়া হয়। তারপরও বাসটি সড়কে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

এদিকে রাত ৯টা ৫০ মিনিটের দিকে উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানান।

অন্যদিকে রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের কালশী রোডের সিরামিকের সামনে বিহঙ্গ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি যাত্রী নামিয়ে স্ট্যান্ডে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এতে বাসটির আসন ও ওপরের অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, বাসচালকের দেওয়া তথ্য অনুযায়ী দুর্বৃত্তরা চলন্ত বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।