এক্সক্লুসিভ ডেস্ক : কোরবানির ঈদ ঘনিয়ে এলেই পশুর হাটগুলো জমজমাট হয়ে ওঠে। আর এই সুযোগে কিছু অসাধু মানুষ বেশি লাভের আশায় ক্ষতিকর ইনজেকশন, হরমোন বা স্টেরয়েড দিয়ে গরুকে কৃত্রিম উপায়ে ফুলিয়ে-ফাঁপিয়ে হাটে তোলেন। চকচকে আর অতিরিক্ত মোটাতাজা দেখে এই ধরনের গরু কিনলে আপনি বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। কারণ এসব গরুর মাংস খেলে মানুষের লিভার, কিডনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে।
হাটে গিয়ে প্রতারিত না হতে এবং সুস্থ-সবল পশু চিনতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৩টি সহজ উপায় নিচে দেওয়া হলো।
১. আঙুলের চাপ
স্টেরয়েড বা হরমোন দেওয়া গরুর শরীরে অতিরিক্ত পানি জমে থাকে। এটি পরীক্ষা করার সবচেয়ে সহজ উপায় হলো গরুর মাংসল অংশে চাপ দেওয়া। গরুর পিঠের দিকে বা রানের কোনো মাংসল অংশে আঙুল দিয়ে জোরে একটু চাপ দিন।
যদি দেখেন চাপ দেওয়া জায়গাটি দেবে গিয়ে গর্ত হয়ে আছে এবং আগের অবস্থায় ফিরতে বেশ সময় নিচ্ছে, তবে বুঝবেন এটি ইনজেকশন দেওয়া গরু। সুস্থ গরুর মাংস শক্ত ও সুগঠিত হয়। চাপ দিলে দ্রুত তা আগের মতো হয়ে যায়।
২. গরুর আচরণ
কৃত্রিম উপায়ে মোটাতাজা করা গরুগুলো ভেতর থেকে খুবই অসুস্থ থাকে। এদের লিভার ও কিডনি প্রায় অকেজো হয়ে পড়ে। তাই অনেক সময় এদের আচরণ দেখলেই চেনা যায়।
ইনজেকশন দেওয়া গরু খুব অলস ও শান্ত থাকে। ঠিকমতো হাঁটতে চায় না, অল্পতেই হাঁপাতে থাকে এবং মাথা নিচু করে ঝিমায়। এদের চোখগুলো ঘোলাটে বা নেশাগ্রস্তের মতো দেখায়।
সুস্থ গরু সবসময় চঞ্চল থাকে। মানুষ দেখলে সতর্ক হয়, কান ও লেজ নাড়াচাড়া করে মশা-মাছি তাড়ায়।
৩. শরীরের অস্বাভাবিক ফোলা ও মুখের লালা
ওষুধের প্রতিক্রিয়ায় গরুর শরীর বেলুনের মতো ফুলে ওঠে। একটু ভালো করে লক্ষ্য করলেই এই অস্বাভাবিকতা চোখে পড়বে।
এসব গরুর মুখ থেকে অনবরত লালা বা ফেনা পড়তে থাকে। গরুর উরু বা রানের অংশ এতটাই ফুলে থাকে যে মনে হবে চামড়াটা ফেটে যাবে। এছাড়া এদের প্রস্রাবের রাস্তার চারপাশ ও থুতনির অংশ অতিরিক্ত ফোলা থাকে।
কেন ঝুঁকিপূর্ণ?
প্রাণিসম্পদ সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত স্টেরয়েড বা ক্ষতিকর ওষুধ ব্যবহার করা পশুর মাংস মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া এমন গরু দ্রুত অসুস্থ হয়ে পড়ার আশঙ্কাও থাকে।
গরু ক্রেতাদের জন্য বিশেষ পরামর্শ
প্রথমবার গরু কিনতে গেলে অভিজ্ঞ ব্যক্তি বা পরিচিত খামারিকে সঙ্গে নেওয়া ভালো।
হুট করে সিদ্ধান্ত নেবেন না। গরুর দাঁত, চোখ ও হাঁটা ভালোভাবে দেখুন। খুব বেশি চকচকে বা অস্বাভাবিক মোটা গরু হলে সতর্ক থাকুন। বিশ্বস্ত খামার বা পরিচিত বিক্রেতার কাছ থেকে কেনার চেষ্টা করুন। দরদামের আগে অন্তত ১০-১৫ মিনিট পর্যবেক্ষণ করুন।
সাম্প্রতিক সময়