রবিবার, ২১ জুন, ২০২৬, ০৯:৪৯:২০

অনেকেই জানেন না লিফটে কেন আয়না লাগানো থাকে?

অনেকেই জানেন না লিফটে কেন আয়না লাগানো থাকে?

এক্সক্লুসিভ ডেস্ক : বহুতল ভবনের এই যুগে লিফট ছাড়া চলাই যেন কঠিন। অফিস, বাসা কিংবা বিপণিবিতান—প্রতিদিনই অসংখ্য মানুষ লিফট ব্যবহার করেন। আর লিফটে উঠলেই চোখে পড়ে দেয়ালে লাগানো বড় একটি আয়না। অনেকেই মনে করেন, এটি শুধু নিজের চেহারা বা পোশাক ঠিকঠাক দেখার জন্যই রাখা হয়েছে। তবে বাস্তবে এর পেছনে রয়েছে মনস্তাত্ত্বিক কৌশল, নিরাপত্তা ব্যবস্থা এবং বিশেষ প্রয়োজনের মানুষের সুবিধার কথা।

ইতিহাস বলছে, বিশ শতকের মাঝামাঝি সময়ে বহুতল ভবনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে লিফটের ব্যবহারও বাড়তে থাকে। কিন্তু তখনকার লিফটগুলো ছিল তুলনামূলক ধীরগতির। যাত্রীরা প্রায়ই অভিযোগ করতেন, লিফটে সময় যেন কাটতেই চায় না। লিফটের গতি বাড়ানো ব্যয়বহুল হওয়ায় বিশেষজ্ঞরা অন্য পথ খুঁজতে শুরু করেন।

সেই সময় এক মনস্তত্ত্ববিদের পরামর্শে লিফটের ভেতরে বড় বড় আয়না বসানো হয়। এতে যাত্রীরা নিজের চেহারা, পোশাক বা চারপাশের প্রতিফলন দেখতে ব্যস্ত হয়ে পড়েন। ফলে সময় দ্রুত কেটে যাচ্ছে বলে মনে হয়। লিফটের গতি না বাড়িয়েও মানুষের অভিযোগ অনেকটাই কমে যায়।

শুধু তাই নয়, অনেক মানুষ লিফটের মতো ছোট ও বদ্ধ জায়গায় অস্বস্তি অনুভব করেন। সংকীর্ণ স্থানের ভয় থেকে উদ্বেগ, শ্বাসকষ্টের অনুভূতি কিংবা মানসিক চাপও তৈরি হতে পারে। আয়না ছোট জায়গাকে তুলনামূলক বড় ও খোলামেলা মনে করায়। এতে অস্বস্তি অনেকটাই কমে যায়।

নিরাপত্তার ক্ষেত্রেও লিফটের আয়নার ভূমিকা গুরুত্বপূর্ণ। বদ্ধ জায়গায় অপরিচিত মানুষের সঙ্গে থাকলে স্বাভাবিকভাবেই সতর্ক থাকতে হয়। আয়নার মাধ্যমে সরাসরি পেছনে না তাকিয়েও আশপাশের মানুষের গতিবিধি নজরে রাখা যায়। ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সহজ হয়।

শারীরিক প্রতিবন্ধী ও হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্যও আয়না বিশেষ সুবিধা এনে দেয়। লিফটের ভেতরে পেছনের অবস্থা সহজে দেখা যায় বলে ওঠানামা করতে সুবিধা হয় এবং দুর্ঘটনার ঝুঁকিও কমে।

বর্তমানে অনেক ভবনে আয়নার পাশাপাশি নজরদারি ক্যামেরাও ব্যবহার করা হয়। এতে যাত্রীরা আরও বেশি নিরাপদ বোধ করেন।

তাই পরেরবার লিফটে উঠে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখার সময় মনে রাখুন, এটি শুধু সাজগোজের জন্য নয়। আপনার স্বস্তি, নিরাপত্তা এবং মানসিক প্রশান্তির কথাও ভেবেই লিফটের ভেতরে এই আয়না বসানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে