পেনড্রাইভ কম্পিউটার বা ল্যাপটপে লাগানোর সময়ে USB কানেক্টরের দিকে কি কখনও ভালো করে খেয়াল করেছেন? ধাতব অংশের গায়ে অনেক সময়ে দুইটি ছোট ছিদ্র দেখা যায়। দেখতে খুব সাধারণ হলেও এই ছিদ্রগুলোর একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এগুলো কোনও ডিজাইনের অংশ নয়, আবার ডেটা আদান-প্রদানের সঙ্গেও সরাসরি সম্পর্ক নেই। আসলে USB কানেক্টরটি যাতে পোর্টের ভেতরে শক্ত ভাবে আটকে থাকে, সেই ব্যবস্থারই অংশ এই ছোট ছিদ্রগুলো।
USB কানেক্টরে এই ছিদ্র কোথায় থাকে
বিশেষ করে প্রচলিত USB Type-A কানেক্টরের ধাতব শিল্ডের গায়ে দুইটি ছোট ছিদ্র বা খোলা অংশ দেখা যায়। পেনড্রাইভের USB প্লাগ কম্পিউটারের পোর্টে ঢোকানোর পরে এই ছিদ্রগুলোর সঙ্গে পোর্টের ভেতরের ছোট ধাতব স্প্রিং বা ট্যাবের সঙ্গে যুক্ত হয়।
কীভাবে কাজ করে এই ছোট ছিদ্র
USB প্লাগ পোর্টে ঢোকানোর পরে পোর্টের ভেতরের ছোট ধাতব অংশগুলো কানেক্টরের ওই ছিদ্রে আটকে যায়। ফলে USB কানেক্টর সহজে নড়ে যায় না বা সামান্য টানেই বেরিয়ে আসে না। অর্থাৎ, এই ছিদ্রগুলো অনেকটা লকিং বা রিটেনশন মেকানিজমের অংশ হিসেবে কাজ করে। তাই পেনড্রাইভ কম্পিউটারে লাগানো থাকলে সেটি এক জায়গায় আটকে থাকে এবং সামান্য নড়াচড়ায় সংযোগ বিচ্ছিন্ন হয় না।
এটি কি ডেটা যাওয়ার জন্য প্রয়োজন
না। USB কানেক্টরের ভিতরে থাকা নির্দিষ্ট ধাতব কন্ট্যাক্টগুলোই মূলত বিদ্যুৎ ও ডেটা আদান-প্রদানের কাজ করে। বাইরের এই ছোট ছিদ্রগুলোর মূল উদ্দেশ্য হলো কানেক্টরকে যান্ত্রিক ভাবে ধরে রাখা।
সব USB কানেক্টরে কি একই রকম ছিদ্র থাকে
না। USB Type-A, Micro-USB, USB-C ইত্যাদি কানেক্টরের নকশা আলাদা হওয়ায় ধরে রাখার ব্যবস্থাও আলাদা হতে পারে। তাই কোথাও ছিদ্র, কোথাও অন্য ধরনের লকিং ব্যবস্থা দেখা যায়।
তাই অনেকে পেনড্রাইভের USB কানেক্টরের ছোট ছিদ্রটি দেখতে সাধারণ বা ডিজ়াইনের অংশ মনে করলেও এর কাজ বেশ গুরুত্বপূর্ণ। পোর্টে কানেক্টিভির পাশাপাশি ডিভাইসটি সুরক্ষিত রাখতেও এর বিশেষ ভূমিকা রয়েছে।