সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬, ১১:৩৩:১৭

সাড়ে ১৬ কোটি টাকায় বিক্রি হলো সাড়ে ৩ হাজার টাকায় কেনা চিত্রকর্ম

সাড়ে ১৬ কোটি টাকায় বিক্রি হলো সাড়ে ৩ হাজার টাকায় কেনা চিত্রকর্ম

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ৩০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৮০ টাকায় কেনা একটি পুরোনো চিত্রকর্ম বিক্রি হয়েছে ১৩ লাখ ৫০ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য সাড়ে ১৬ কোটি টাকার বেশি। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি এস্টেট সেল থেকে চিত্রকর্মটি কিনেছিলেন এক ‘ট্রেজার হান্টার’।

এস্টেট সেলের অন্য মালপত্রের মধ্যে অবহেলায় পড়ে থাকা চিত্রকর্মটি ছিল শিকাগোর পরাবাস্তববাদী শিল্পী গারট্রুড অ্যাবারক্রোমবির আঁকা। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা এই শিল্পকর্মটির প্রকৃত মূল্য তখন কেউই ধারণা করতে পারেননি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্রিম্যানস অকশনসে নিলামে তোলা হয় চিত্রকর্মটি। নিলামে এটি ১৩ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়। এর মধ্য দিয়ে অ্যাবারক্রোমবির কোনো শিল্পকর্মের নিলামমূল্যের নতুন রেকর্ড তৈরি হয়েছে।

‘অল্ডারম্যান মেরিয়ামস সেলস’ শিরোনামের চিত্রকর্মটি ১৯৫১ সালে এঁকেছিলেন অ্যাবারক্রোমবি। নিলামকারীদের ধারণা ছিল, ছবিটি সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হতে পারে। তবে শেষ পর্যন্ত প্রত্যাশার চেয়ে পাঁচ গুণেরও বেশি দামে বিক্রি হয় এটি।

বিশেষজ্ঞদের মতে, ১৯৫২ সালে চিকিৎসাসেবার বিনিময়ে মিশিগানের কালামাজু শহরের চিকিৎসক জন রেনল্ডসকে চিত্রকর্মটি উপহার দিয়েছিলেন শিল্পী। এরপর প্রায় ৭৫ বছর ধরে এটি রেনল্ডসের পরিবারের কাছেই সংরক্ষিত ছিল।

একসময় পরিবারের সংগ্রহ থেকে বেরিয়ে এস্টেট সেলের মালপত্রের সঙ্গে মিশে যায় ছবিটি। সেখান থেকেই মাত্র ৩০ ডলারে এটি কিনে নেন ওই ট্রেজার হান্টার। পরে শিল্পীর পরিচয় ও চিত্রকর্মটির ইতিহাস নিশ্চিত হওয়ার পর এর আসল মূল্য সামনে আসে।

নিলামে রেকর্ড দামে বিক্রির পর ৩০ ডলারের সেই ‘পুরোনো ছবি’ এখন পরিণত হয়েছে ১৩ লাখ ৫০ হাজার ডলারের মূল্যবান শিল্পকর্মে। সূত্র: ইউপিআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।