এমটিনিউজ২৪ ডেস্ক : ফেনীর সোনাগাজীতে ভিমরুলের কামড়ে মেহের জাহান তাসনিয়া নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মেহের জাহান তাসনিয়া সোনাগাজী সদর ইউনিয়নের পশ্চিম ছাড়াইতকান্দি গ্রামের চৌকিদার বাড়ির নুরুল আলম মামুনের মেয়ে।
শিশুর বাবা নুর আলম মামুন জানান, গত শনিবার (৮ আগস্ট) বিকালে তার বাড়ির পাশের পুকুরপাড়ে গেলে বেশ কয়েকটি ভিমরুল তাকে কামড় দেয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসেন তারা। বাড়িতে নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ আগস্ট সোমবার বিকালে সে মারা যায়।