বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ০৯:৫৭:১৮

শিক্ষার্থীদের টিকটক ভিডিও তৈরিতে নিষেধাজ্ঞা জারি

শিক্ষার্থীদের টিকটক ভিডিও তৈরিতে নিষেধাজ্ঞা জারি

এমটিনিউজ২৪ ডেস্ক : শাখা ছাত্রদলের অনুরোধে ফেনীর দাগনভূঞা উপজেলার সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের টিকটক ভিডিও তৈরিতে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুলকুতের রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। পরে বিজ্ঞপ্তিটি কলেজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কলেজে অধ্যয়নরত সব বর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোনো ধরনের টিকটক ভিডিও তৈরি করতে পারবে না। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কলেজ কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের আগে ক্যাম্পাসে টিকটক বন্ধে লিখিত স্মারকলিপি দিয়েছিল কলেজ শাখা ছাত্রদল।

ছাত্রদল নেতাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে কিছু শিক্ষার্থী কলেজের ইউনিফর্ম পরা অবস্থায় ক্যাম্পাসে টিকটক ভিডিও বানিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এতে কলেজের স্বাভাবিক শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছিল।

কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মাসুম বলেন, শিক্ষার্থীরা যেন কলেজ প্রাঙ্গণে টিকটক ভিডিও না বানায়, সেই বিষয়ে আমরা আগেই অধ্যক্ষকে অনুরোধ জানিয়ে স্মারকলিপি দিয়েছিলাম। অনেককে সরাসরি নিষেধ করার পরও ভিডিও তৈরির প্রবণতা বাড়ছিল, যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছিল। কলেজ কর্তৃপক্ষের এই সময়োপযোগী সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুলকুতের রহমান বলেন, আমরা শিক্ষার্থীদের ক্যাম্পাসে অযথা মোবাইল ফোন ব্যবহারে নিরুৎসাহিত করে আসছি; কিন্তু বর্তমানে অনেকেই ফোনে অতিরিক্ত সময় অপচয় করছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী রাখতে এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই টিকটক ভিডিও তৈরিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।