বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৩৫:৩০

ফেনীর সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, ব্যাপক ক্ষয়ক্ষতি

ফেনীর সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, ব্যাপক ক্ষয়ক্ষতি

এমটিনিউজ ডেস্ক : ফেনীর সোনাগাজীতে সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন কক্ষ থেকে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়ার পর তিনটি কক্ষ ও বাড়ির সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একদল দুর্বৃত্ত সাবেক সংসদ সদস্যের বাড়িতে প্রবেশ করে কয়েকটি কক্ষ ও সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে তা নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনার সময় বাড়িতে রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলাম ছাড়া অন্য কেউ ছিলেন না বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

রফিকুল ইসলাম বলেন, রাত ২টার দিকে ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করেন। পরে পেট্রোল ঢেলে বাড়ির তিনটি কক্ষ ও সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেন।

সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, হাজী রহিম উল্লাহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেদ্দা শাখার সাবেক সভাপতি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০২৪ সালের অক্টোবরে রাজধানীর ধানমন্ডি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। সম্প্রতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।