শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:২৫:১০

দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

এমটিনিউজ২৪ ডেস্ক : ফরিদপুরের সালথায় সরকারি জমি লিজ ও দখলকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিণা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় ও জেলা পর্যায়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হরিণা গ্রামের সঞ্জয় মালোর সঙ্গে প্রতিবেশী মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর মধ্যে সরকারি জমি লিজ নেওয়া ও তার দখল বজায় রাখা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে কয়েক দিন ধরেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল।

শুক্রবার রাত ৯টার দিকে সেই উত্তেজনা চরমে পৌঁছালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ওসি (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল জানান, সংঘর্ষের খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে