এমটিনিউজ২৪ ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে ছোট ভাইয়ের পালিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও শনিবার (২২ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, একই নারীকে স্ত্রী দাবি করছেন আপন দুই ভাই। ওই নারীও তার আগের স্বামীকে অস্বীকার করে ছোট ভাইকে স্বামী হিসেবে দাবি করছেন।
জানা যায়, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচড়া গ্রামের আজিজুল হকের বড় ছেলে একরাম আলী পাশের গ্রামের পূর্ণিমা নামের এক নারীকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর পূর্ণিমার সঙ্গে একরামের ছোট ভাই আব্দুল্লাহর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হলে আব্দুল্লাহ তাঁর ভাবিকে নিয়ে পালিয়ে যান। পরে তাঁরা কয়েক দিন অন্যত্র সংসার শুরু করেন।
শনিবার দুপুরে পূর্ণিমার বাবা ও তাঁর বড় ভাই ঢাকার সাভার থেকে দুজনকে উদ্ধার করে ভাঙ্গায় নিয়ে আসেন। পরে বিষয়টি সামাজিক ও আইনি প্রক্রিয়ায় মীমাংসার জন্য উভয় পক্ষকে নিয়ে থানার সামনে আসেন তাঁরা।
সেখানে উভয় পক্ষের স্বজন ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়।
পূর্ণিমার বাবা বলেন, ‘মেয়েকে উদ্ধার করে বিষয়টি আইনি ও সামাজিকভাবে সমাধানের উদ্দেশ্যে উভয় পক্ষকে নিয়ে থানার সামনে নিয়ে আসি। সেখানে স্বজন ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে একপর্যায়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।’
পূর্ণিমা বলেন, ‘আমার প্রথম স্বামী একরাম ও পরিবারের লোকজন আমাকে নির্যাতন করত। এ সময় দেবর আব্দুল্লাহ আমাকে সহযোগিতা করত। পরে আমি একরামকে ছেড়ে আব্দুল্লাহকে বিয়ে করে অন্যত্র সংসার শুরু করি।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, থানার গেটের সামনে এক নারীকে নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়েছে। পুলিশ গিয়ে তাঁদের সেখান থেকে সরিয়ে দিয়েছে।