সোমবার, ০৩ আগস্ট, ২০২৬, ০৮:৩৫:৫০

আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোপালগঞ্জের আরও ৪০ নেতাকর্মীর

 আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোপালগঞ্জের আরও ৪০ নেতাকর্মীর

এমটিনিউজ২৪ ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউর রহমান কবির মুন্সীসহ ৪০ জন নেতাকর্মী দলটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার মধ্য দিয়ে এ ঘোষণা দেন শফিউর রহমান ফরিদ মুন্সী। তিনি জানান, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তিনি এবং তার সঙ্গে থাকা ৪০ জন নেতা আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগকারী অন্য নেতারা হলেন- মফিজুর রহমান, শহিদুল ইসলাম সাবু, আবুজারা কাজী, কামরুল মুন্সি, রন্তন শেখ, মানিক মুন্সি, সজিব মুন্সি, মুজাফর হোসেন, আসাদুজ্জামান, রাকিব শেখ, বদ্দীন শেখ, আবুবকর মুন্সি, আজিবার শেখ, মো.বাদল শেখ, রওশন আলী, রিপন শেখ, আ. হান্নান কাজী, আব্দুল হাই শেখ, জিন্নাত শেখ, আনিচ শেখ, জাকের আলী, তৈয়াবুর সরদার, সহীদ শেখ, আস্বাস আলী, রুহল আমীন, টিটুল মুন্সি, সলেমান ফকির, ফিরোজ ফকির, লায়েক উদ্দিন, আলামিন মুন্সি, কাবুল হোসেন, মনির মুন্সী, অহেদুজ্জামান, ফরিদ শেখ, ওহিদ কাজি,রাঙ্গু, আলাল মুন্সি, আবুল হাসান ঝন্টু, আজমল ইসলাম, রুকু মিয়া ও সাখায়েত মিয়া।

লিখিত বক্তব্যে শফিউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক দায়িত্ব পালন করলেও আজ থেকে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি এবং পদত্যাগকারী নেতারা আর সম্পৃক্ত থাকবেন না।
তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত বিবেচনায় নেওয়া হয়েছে এবং সবার সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে গ্রহণ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত পদত্যাগকারী নেতাকর্মীরাও আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এর আগে আওয়ামী লীগের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার অন্তত ৫১ নেতাকর্মী পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

রোববার (২ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান, আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে তারা স্বেচ্ছায় পদত্যাগ করছেন। একই সঙ্গে তারা ঘোষণা দেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের আর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে