এমটিনিউজ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার পর থেকে বন্ধ রয়েছে থানা ২টির সব ধরনের দাপ্তরিক সেবা। থানায় এসে প্রয়োজনীয় সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন সেবাপ্রার্থীরা। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অনেকে। পুড়িয়ে দেওয়া ২ থানার পুলিশ সদস্যরা বর্তমানে জেলা পুলিশ লাইন্সে অবস্থান করছেন। তবে শিগগিরই থানাগুলোর কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
জানা গেছে, গত ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় গত ১৭ নভেম্বর বিকেলে উপজেলা চত্বর থেকে ২ আসামিকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। সন্ধ্যার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে মাইকিং করে থানা ঘেরাও করেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে টুঙ্গিপাড়া থানা পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে পুলিশের সদস্যরা পিছু হটলে নেতাকর্মীরা থানায় ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় থানার অস্ত্রাগার ভেঙে অস্ত্র লুট এবং হাজতখানা ভেঙে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। তবে কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো নির্দিষ্ট কোনো তথ্য জানায়নি। এ ছাড়া টুঙ্গিপাড়া থানা পুলিশের কয়েকটি গাড়ি এবং বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহনও পুড়িয়ে দেওয়া হয়।
অন্যদিকে, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানা পুলিশের কয়েকটি গাড়ি ও বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) সুবীর কুমার সাহা বলেন, আগুন দেওয়ায় আমাদের ৪টি পুলিশ গাড়ি ও ২টি মোটরসাইকেলসহ বিভিন্ন মামলায় জব্দ করা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। এ ছাড়া বেশ কয়েকটি মোটরসাইকেল লুট হয়েছে। মূলত আমাদের থানার সবকিছু পুড়ে যাওয়ায় আমাদের হিসাব মিলাতে হিমশিম খেতে হচ্ছে। অস্ত্রের বিষয়ে একই অবস্থা। আগুন দেওয়ার পর সালথা থানা থেকে পুলিশ এসে অস্ত্র কিছু উদ্ধার করেছে। কিন্তু আমাদের রেজিস্ট্রার পুড়ে যাওয়ায় আমাদের সংখ্যার হিসাব মিলাতে পারছি না।
শিগগিরই থানা চালু হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, থানার তো কিছুই নেই। এই থানার পূর্ণ সেবা পেতে হলে একটু সময় লাগবে। তবে অন্তত জিডিটা যেন দ্রুত চালু করা যায়, সে জন্য কাজ করছে জেলা পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) ২টি থানা ঘুরে দেখা যায়, থানার বাইরে পড়ে আছে পুড়ে যাওয়া গাড়ি ও মোটরসাইকি। ভেতরে ঢুকলে চোখে পড়ে যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকার মতো ধ্বংসস্তূপ। ২টি থানার ওসির কক্ষে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন রয়েছে। এ ছাড়া ওসি তদন্ত ও অপারেশন কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ এবং পুলিশ সদস্যদের ব্যারাকেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। থানা ২টির নথিপত্র ও কম্পিউটারও আগুনে পুড়ে গেছে।
থানা দুটিতে গিয়ে সেবা না পেয়ে ফিরে যেতে দেখা যায় বেশ কয়েকজনকে। তাদের একজন আসিয়া বেগম। তিনি বলেন, আমাদের বাড়ি টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া এলাকায়। আমার নাতি ২ দিন আগে হারিয়ে গেছে। আমি নিখোঁজ ডায়েরি করতে এসেছি। কিন্তু কোনো ধরনের সেবা পেলাম না। থানা জ্বালিয়ে দিয়েছে। পুলিশও কেউ নেই। পুলিশ ছাড়া আমার নাতিকে কে খুঁজে দেবে?
সেবা নিতে আসা আরেক ব্যক্তি রহিজ মোল্লা বলেন, আমাদের বাড়ি মুকসুদপুর থানার মোচনা ইউনিয়নে। আমাদের পাশের বাড়ির লোকজন জোরপূর্বক আমার জমিতে ঢুকে পাকা ঘর নির্মাণ করছে। বাধা দিলে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। উপায় না পেয়ে আমি আইনের আশ্রয় নিতে আসছিলাম। থানায় এসে দেখলাম থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে পুলিশের কেউ নেই।
গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হুমায়ুন কবির বলেন, আমরা চেষ্টা করছি ধ্বংসস্তূপ থেকে যতটা পারা যায় সেবা চালু করার। অন্তত জিডিগুলো যেন আমরা চালু করতে পারি, সেই চেষ্টা চলছে আমাদের।