শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ০৮:৩৭:১১

ইনশাআল্লাহ, এই বরকতময় মসজিদে চিরকাল আজানের ধ্বনি প্রতিধ্বনি হতে থাকবে : এরদোয়ান

ইনশাআল্লাহ, এই বরকতময় মসজিদে চিরকাল আজানের ধ্বনি প্রতিধ্বনি হতে থাকবে : এরদোয়ান

ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ মুসলমানদের ইবাদতের জন্য পুনরায় খুলে দেওয়ার ষষ্ঠ বার্ষিকী উদযাপন করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান।

শুক্রবার তুর্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোস্যালে দেওয়া এক পোস্টে এরদোয়ান বলেন, আজ থেকে ছয় বছর আগে ৮৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আয়া সোফিয়া তার মূল পরিচয় ফিরে পেয়েছিল। ইনশাআল্লাহ, এই বরকতময় মসজিদে চিরকাল আজানের ধ্বনি প্রতিধ্বনি হতে থাকবে। আয়া সোফিয়ার এই পুনর্জাগরণ সবার জন্য কল্যাণকর হোক।

মূলত একটি গির্জা হিসেবে নির্মিত হয়েছিল আয়া সোফিয়া। ৯১৬ বছর ধরে খ্রিস্টানদের উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়েছিল। পরবর্তীতে ১৪৫৩ সালে অটোমান বা উসমানীয় সাম্রাজ্য ইস্তাম্বুল জয় করলে সুলতান দ্বিতীয় মুহাম্মদ তার ওয়াকফ দলিলের মাধ্যমে একে মসজিদে রূপান্তরিত করেন।

১৯৩৪ সাল পর্যন্ত স্থাপনাটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে মন্ত্রী পরিষদের এক অধ্যাদেশের মাধ্যমে ঐতিহ্যবাহী মসজিদটিকে জাদুঘরে রূপান্তর করা হয় এবং দীর্ঘ ৮৬ বছর মসজিদটি জাদুঘর হিসেবেই সংরক্ষিত ছিল।

২০২০ সালের ১০ জুলাই তুরস্কের কাউন্সিল অব স্টেট বা দেশের সর্বোচ্চ প্রশাসনিক আদালত ১৯৩৪ সালের সেই অধ্যাদেশ বাতিল করে। ফলে ঐতিহাসিক এই স্থাপনা পুনরায় মসজিদ হিসেবে চালু করার পথ সুগম হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে